প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বিএনপির নেতৃত্বে যাত্রা শুরু করা নতুন সরকারের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য হবে ‘বাংলাদেশ ফার্স্ট’- অর্থাৎ জাতীয় স্বার্থ ও উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া। তবে এর অর্থ কোনো ধরনের বিচ্ছিন্নতাবাদ নয়; বরং বিশ্বব্যবস্থার সঙ্গে যুক্ত থেকে দেশের স্বার্থকে এগিয়ে নেওয়া।

গতকাল শনিবার বিকেল ৩টায় রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশ ফার্স্ট: এ ফরেন পলিসি আউটলুক ফর এ নিউ বাংলাদেশ’ শীর্ষক নীতি আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন হুমায়ুন কবির। এই আলোচনার আয়োজক শান্তি ও নিরাপত্তাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস)। অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) আ ন ম মুনিরুজ্জামান। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক ও দেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিআইপিএসএসের সিনিয়র রিসার্চ ফেলো শাফকাত মুনির।