দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। এখন নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথের আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন। বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন, সরকারদলীয় চীফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি।
এ সময় স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামাল রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর যথাযথ কর্তৃপক্ষ বলে মত জানিয়েছে আইন মন্ত্রণালয়।
আইন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ‘বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায়, সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদের বিধান অনুসারে স্পিকারের যাবতীয় দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করছেন। বর্তমান প্রেক্ষাপটে সংবিধানের ৭৪(৩) অনুযায়ী ডেপুটি স্পিকার যেহেতু স্পিকারের সব দায়িত্ব পালন করে থাকেন, সে হিসাবে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানোর জন্যও তিনি (ডেপুটি স্পিকার) সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ।’
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বর্ণাঢ্য এ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকারপ্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।
এর আগে, বৃহস্পতিবার (২০ আগস্ট) ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘গেজেট প্রকাশ হয়েছে। এখন শপথ আয়োজনের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের প্রজ্ঞাপন জারি করেন ইসি সচিব। এতে রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ১১ অনুযায়ী নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণার ভিত্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন।
এর মধ্যে ভোট পড়েছে ৩৪৩টি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট এবং তাঁর প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
রাষ্ট্রপতি নির্বাচনে ছয়জন সংসদ সদস্য ভোট দেননি বলে জানা গেছে।
দীর্ঘ ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি পদে ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হলো। জাতীয় সংসদ ভবনে নির্বাচনী কর্তা হিসেবে সিইসি ভোটগ্রহণ করেন। বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে তিনি ফলাফল ঘোষণা করেন।