নাটোরের বাগাতিপাড়ায় আব্দুল মোমিন (৫০) নামে এক স্যানিটারি মিস্ত্রি মসজিদের অযুখানায় আত্মহত্যা করেছেন। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ডুমরাই ঢাকাপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মোমিন ওই এলাকার মৃত হযরত আলীর ছেলে। তিনি পেশায় একজন স্যানিটারি মিস্ত্রি ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল মোমিন দীর্ঘদিন ধরে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। বুধবার সকালে নাস্তা করে তিনি সোনাপুর বাজারে যান। বেশ কিছু সময় পরও বাড়িতে না ফেরায় তার প্রতিবেশী নাতি বিদ্যুৎ তাকে খুঁজতে বাজারে যান। সেখানে তাকে না পেয়ে ফিরে আসেন। পরে মসজিদের পাশে কয়েকজন যুবক খেলতে গিয়ে অযুখানায় আব্দুল মোমিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে নিচে নামান। তবে ততক্ষণে তার মৃত্যু হয়। খবর পেয়ে বাগাতিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
বাগাতিপাড়া মডেল থানার এসআই (ভারপ্রাপ্ত ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের আবেদনের পরিপ্রেক্ষিতে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।
দয়ারামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আক্কাস আলী জানান, বুধবার সন্ধ্যায় আব্দুল মোমিনের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।