ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার এক সাংবাদিকের পরিবারের চার সদস্যসহ মোট নয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বুধবার (১৯ আগস্ট) ভোরের দিকে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০) দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক এবং কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। অগ্নিকাণ্ডে নিহত তার পরিবারের অন্য সদস্যরা হলেন—তার স্ত্রী আফসানা শিম্মিন (২৫), তিন বছরের শিশুসন্তান স্বর্ণশীষ দত্ত এবং তার শ্বশুর মো. আকরাম আলী (৬৪)। তাদের সবার বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া ও থানাপাড়া এলাকায়।

নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের মৃতদেহ
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রীর অসুস্থতা এবং সন্তানের চিকিৎসার জন্য গত ৩ আগস্ট সপরিবারে ভারতে যান দেবাশীষ দত্ত। চিকিৎসা শেষে গত মঙ্গলবার বেঙ্গালুরু থেকে কলকাতায় ফিরে আসেন তারা। এরপর কলকাতার ওই আবাসিক হোটেলে রাত্রীযাপন করেন। বুধবার সকালেই তাদের বাংলাদেশে ফিরে আসার কথা ছিল। কিন্তু গভীর রাতে হোটেলের কোনো একটি অংশে হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দমকল বাহিনীর কয়েকটি ইঞ্জিন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হোটেলের ভেতর থেকে অচেতন অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের পর হোটেলের বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়ে এই প্রাণহানির ঘটনা ঘটে থাকতে পারে।
সপরিবারে সাংবাদিক দেবাশীষ দত্তের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবরে কুষ্টিয়ার সাংবাদিক মহলসহ পুরো জেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিক সংগঠন। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে এবং দাফন সম্পন্ন করতে পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে।