গোপালগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী লোকাল বাস ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার বৌলতলী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শফিউল আলম ও ফায়ার সার্ভিস সূত্রে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী সোনালী পরিবহনের একটি লোকাল বাস বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে ছিটকে পড়ে এবং ট্রাকটি দুমড়ে-মুচড়ে সড়কের ওপর উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়দের তাৎক্ষণিক সহযোগিতায় পুলিশ ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ সময় ঘটনাস্থলেই ট্রাকচালক নাদিম শেখ (২৫) নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ট্রাকে থাকা হাছিব (২৬) ও এক নারী যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত অন্যান্য যাত্রীদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।