বাগেরহাটের মোংলা উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরে মোংলা ইপিজেড সংলগ্ন রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের ধারণা, তিনি চিলা ইউনিয়নের সুন্দরতলা এলাকার বাসিন্দা হতে পারেন। স্থানীয় সূত্রে জানা যায়, বেনাপোল থেকে মোংলাগামী একটি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

মোংলা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুর আলম গাজী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। দুর্ঘটনায় তার দেহ বিচ্ছিন্ন হয়ে যায় বলেও জানান তিনি।