বাগেরহাটের মোংলা উপজেলায় ইজিবাইকের ধাক্কায় সানজিদা আক্তার শিমু (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে শহরতলীর হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিমু পৌর শহরের সরকারি টি.এ. ফারুক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং হাজীপাড়া এলাকার বাসিন্দা শামীম হাওলাদারের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে শিমু তার বাড়ির নিকটবর্তী একটি দোকান থেকে ডিম কিনে ফেরার সময় সড়ক পার হচ্ছিল। এ সময় একটি দ্রুতগতির ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরবর্তীতে তাকে খুলনায় নেয়ার পথে তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।