উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে নাজমুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত ৭ মে বেলা সাড়ে ১১টায় উপজেলার ধরণীবাড়ী কিশামত মালতি বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নাজমুল ইসলাম ওই এলাকার মোস্তফা মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য লাভলু মিয়া।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে নাজমুল ইসলাম ওই এলাকার প্রতিবেশী মমিনুল ইসলামের বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন। কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, এই ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।