মণিরামপুর (যশোর) সংবাদদাতা : মণিরামপুরে আম পাড়তে গাছের মাথায় উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শনিবার বেলা ১১টার দিকে উপজেলার খোঁজালিপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ইলিয়াস হোসেন বলেন, “তিনি নারকেল গাছের মাথায় বসে কাঁচা বাঁশের লাঠি দিয়ে আম পাড়ছিলেন। তখন অসাবধানতাবশত: বাঁশের লাঠি পাশের বিদ্যুতের তারে স্পর্শ হলে দগ্ধ হয়ে তিনি মারা যান। নিহত আলমগীর স্থানীয় গয়েশপুর নিমতলা এলাকার মোহাম্মদের ছেলে।”
ইলিয়াস হোসেন আরো বলেন, “আমরা গিয়ে ফায়ার সার্ভিসে খবর দিই। পরে তারা এসে লাশ নামিয়ে আনে।”
মণিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মাসুম হোসেন বলেন, “খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতের দেহের বিভিন্ন অংশ পুড়ে গেছে।”
নিহতের স্বজনরা জানান, নিহত আলমগীর হোসেনের এক ছেলে ও এক মেয়ে। তিনি আম পাড়ার শ্রমিকের কাজ করেন। সকালে আম পাড়ার উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন।