বগুড়ার নন্দীগ্রামে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মো. হাসেম আলী (৩৫) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসেম আলী নন্দীগ্রাম উপজেলার কালিকাপুর সড়কপাড়ার ইন্তাজ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হাসেম আলী কুন্দারহাট এলাকা থেকে অটোভ্যানে করে কয়েকটি ফ্রিজ নিয়ে নন্দীগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বগুড়া থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাঁর ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে চাপা পড়ে এবং হাসেম আলী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নন্দীগ্রামের কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ওই ভ্যানচালকের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকসহ এর চালককে আটক করা হয়েছে।