শেষ হয়েছে সুপ্রিম কোর্ট বার নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ। এদিন ভোট দিয়েছেন ভোট ১ হাজার ৭৭১ জন আইনজীবী। মোট ভোট দেবেন ১১ হাজার ৯৭ জন।
গতকাল বুধবার সকাল ১০টার দিকে ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে ভোট চলে বিকেল ৫টা পর্যন্ত। আজ বৃহস্পতিবারও একইভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন সংক্রান্ত সাব কমিটির সদস্য ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ১৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১ জন। নির্বাচন পরিচালনার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে নির্বাচন উপকমিটি গঠন করা হয়েছে।
এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তিনটি প্যানেল। সেগুলো হলো- বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল), জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল (সবুজ প্যানেল) এবং এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেল।
তবে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলের কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামীপন্থি আইনজীবীদের বার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়নি। ভোটের আগে তারা মনোনয়নপত্র জমা দিলেও সেগুলো বাতিল করা হয়।