আজ পহেলা মে শুক্রবার। গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও নির্বাণ লাভ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বুদ্ধপূর্ণিমা নামে পরিচিত। বৌদ্ধ ধর্ম মতে, আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তাঁর জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর (বৈশাখী পূর্ণিমা) অপর নাম দেয়া হয় ‘বুদ্ধ পূর্ণিমা’। ‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ - এই স্মৃতি বিজড়িত এই দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করেন বুদ্ধ ভক্তরা।

দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা সাড়ম্বরে উদযাপন করে। এ উপলক্ষে রাজধানীসহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা ও বুদ্ধ পূজা অনুষ্ঠিত হবে। এছাড়াও মানব জাতির সর্বাঙ্গীণ শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। ‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে জাতীয় ও আঞ্চলিক দৈনিকগুলো বিশেষ প্রতিবেদন প্রকাশ করবে, এবং বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেসরকারি টিভি চ্যানেলগুলো দিনটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে।

সাধারণত দেশজুড়ে বিহারগুলোর চূড়ায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং ভোরবেলায় ত্রিপিটকের পবিত্র শ্লোক পাঠের মাধ্যমে এই উৎসব শুরু হয়। বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশন (বিবিএফ) মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে একটি আলোচনা সভাসহ দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, কুমিল¬া, বরগুনা, রংপুর ও সিলেটের বৌদ্ধ অধ্যুষিত অঞ্চলেও বুদ্ধ পূর্ণিমা পালিত হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বুদ্ধ সম্প্রদায়ের নেতারা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান। তিনি আরো জানান, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে তারা এ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও বৌদ্ধ সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

শুভেচ্ছা বিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দিপেন দেওয়ান, প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, পার্বত্য জেলা বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, পার্বত্য অঞ্চলের বিএনপি মনোনীত সংরক্ষিত নারী সংসদ সদস্য প্রার্থী মাধবী মারমা এবং ড. সুকোমল বড়–য়া উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর হাতে বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে একটি শুভেচ্ছা ক্রেস্ট ও বুদ্ধমূর্তির প্রতিবিম্ব তুলে দেওয়া হয়।

প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। প্রধানমন্ত্রীর প্রাক্তন কলেজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেলে সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন শ্রেণীর প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনে আসেন।

সংসদ ভবনের শপথ কক্ষে শিক্ষার্থীরা আসন গ্রহণ করেন। এসময়, সংসদ ভবনের স্থাপত্যশৈলী এবং আইন প্রণয়ন সম্পর্কে তাদেরকে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা পরিবেশন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, ‘আমি রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ছিলাম এবং আমার ভাই আরাফাত রহমান কোকোও এই স্কুলের শিক্ষার্থী ছিলো।’ প্রধানমন্ত্রী এ সময় দেশ বিনির্মানে শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করেন। এরপর তিনি উপস্থিত ছাত্র ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ছবি তোলেন। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনও এসময় উপস্থিত ছিলেন।

শিশুর জন্য প্রধানমন্ত্রীর উপহার

প্রধানমন্ত্রীর যশোর সফরের সময় ফুল হাতে রাস্তায় দাঁড়িয়ে থাকা নিলিমা ও তার শিশু সন্তানকে বাস থেকে নেমে ডেকে নিয়েছিলেন তারেক রহমান। সেই দৃশ্য দেশবাসীকে মুগ্ধ করেছিল। এবার ওই শিশুর জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। গত ২৭ এপ্রিল (সোমবার) বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর সফরে যান। তাকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানসংবলিত বাসসহ গাড়িবহর যখন যশোর ইনস্টিটিউটের সামনের সড়ক অতিক্রম করছিল, তখন নিলিমা নামে এক মা নিজের কোলের শিশু সন্তানসহ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ফুল হাতে দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেই মুহূর্তে দৃশ্যটি প্রধানমন্ত্রীর নজরে আসে। তিনি গাড়ি থামিয়ে নেমে এসে শিশুটিকে দেখেন। এ দৃশ্য নিলিমার ফেসবুক পেজসহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। পরে সেই নিলিমা ও তার শিশুসন্তানের জন্য উপহার পাঠাতে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিলিমার বাসায় গিয়ে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটনসহ যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।