বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, ইসলামী কল্যাণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া শ্রমিকদের প্রকৃত অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। তিনি বলেন, বর্তমান পুঁজিবাদী ও বৈষম্যমূলক ব্যবস্থায় শ্রমিকরা ন্যায্য মজুরি, নিরাপত্তা ও মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছে।

গতকাল শনিবার চট্টগ্রামের জামালখানস্থ নগর শ্রমিক কল্যাণ কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চল আয়োজিত জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ ইসহাক এবং কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।

প্রধান অতিথি মাওলানা এটিএম মা’ছুম বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জ্বালানি সংকট, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক বৈষম্যের কারণে সাধারণ শ্রমিক পরিবার আজ চরম সংকটে দিন কাটাচ্ছে। অথচ শ্রমিকদের ন্যায্য বেতন, বোনাস ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না।

তিনি বলেন, ঈদ বা উৎসবকে কেন্দ্র করে বেতন-বোনাস নিয়ে প্রতিবছর শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়। শ্রমিকদের ন্যায্য পাওনা সময়মতো পরিশোধ না করায় শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি হচ্ছে। শ্রমিকদের অধিকারকে উপেক্ষা করে টেকসই শিল্প ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, শ্রমিক আন্দোলন কেবল অর্থনৈতিক অধিকারের বিষয় নয়; এটি একটি নৈতিক ও মানবিক আন্দোলন। শ্রমিকদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চা জোরদার না হলে অধিকার আদায়ের সংগ্রাম সফল হবে না।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সমৃদ্ধ রাষ্ট্র গঠনে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। একইভাবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় শ্রমিকদের ঐক্য ও সংহতি সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা আশা করি আগামী দিনে শ্রমিকদের অগ্রণী ভূমিকার মাধ্যমে এ দেশের রাষ্ট্র ব্যবস্থায় কাক্সিক্ষত পরিবর্তন আসবে।

সভাপতির বক্তব্যে মজিবুর রহমান ভূঁইয়া বলেন, বর্তমান বাস্তবতায় শ্রমিক সংগঠন সম্প্রসারণ ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি সময়ের গুরুত্বপূর্ণ দাবি। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং শোষণমুক্ত সমাজ গঠনে দায়িত্বশীলদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সম্মেলনে চট্রগ্রামে ও কুমিল্লা অঞ্চলের জেলা সভাপতি- সাধারণ স্মপাদক বৃন্দ উপস্থিত ছিলেন।