লন্ডন ম্যারাথনে ইতিহাস গড়েছেন কেনিয়ান অ্যাথলেট সেবাস্টিয়ান সাওয়ে। প্রতিযোগিতামূলক দৌড়ে প্রথমবার দুই ঘণ্টার নিচে সময় নিয়ে ম্যারাথন শেষ করেছেন তিনি। ৩০ বছর বয়সী এই কেনিয়ান অ্যাথলেট ১ ঘণ্টা ৫৯ মিনিট ৩০ সেকেন্ড সময়ে ফিনিশিং লাইন অতিক্রম করেন। তাতে করে ২০২৩ সালে কেলভিন কিপতুমের গড়া ২:০০:৩৫ সময়ের রেকর্ড ভেঙ্গেছেন সাওয়ে। এর আগে এলিউড কিপচোগে ২০১৯ সালে দুই ঘণ্টার কম সময়ে ম্যারাথন শেষ করলেও সেটি রেকর্ড হিসেবে স্বীকৃতি পায়নি, কারণ তা নিয়ন্ত্রিত পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল।
ইতিহাস গড়ার পথে ম্যারাথনের অর্ধেক পথ ১:০০:২৯ সময়ে অতিক্রম করে বিশ্বরেকর্ড গতিতে ছিলেন সাওয়ে। এরপর দ্বিতীয়ার্ধে গতি আরও বাড়িয়ে কিপচোগের সময়কেও ছাড়িয়ে গেছেন। রানার্স আপ হওয়া কেজেলচাও প্রতিযোগিতামূলক দৌড়ে দুই ঘণ্টার নিচে দ্বিতীয় অ্যাথলেট হিসেবে ইতিহাস গড়েন। তিনি সময় নেন ১:৫৯:৪১।নিজের প্রতিক্রিয়ায় বিবিসিকে সাওয়ে বলেন, ‘দারুণ অনুভব করছি। আমি ভীষণ খুশি। এটি আমার জন্য স্মরণীয় একটি দিন।’