প্রথমবারের মতো এশিয়ান গেমসের মেয়েদের হকি ইভেন্টের বাছাই খেলতে গেছে বাংলাদেশ নারী হকি দল। আর প্রথম অংশ নিয়েই দারুণ সব গল্প লিখে চলেছেন বাংলার মেয়েরা। টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করে ইতোমধ্যে আইচি-নাগোয়া এশিয়ান গেমসে নিজেদের নাম লিখিয়ে ইতিহাস করেছিল তারা। এবার আইরিন রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে বাছাই পর্বের ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ। গতকাল মঙ্গলবার ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রথম সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। এর আগে চারবার এশিয়ান গেমস খেলেছে সিঙ্গাপুর। তাদের বিপক্ষে চতুর্থ ও শেষ কোয়ার্টারে দুই গোল তুলে দারুণ এই জয় পায় বাংলাদেশ।

এদিন ম্যাচের শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলতে থাকে বাংলাদেশ দল। ম্যাচের অষ্টম মিনিটেই রিয়ার হিটে এগিয়ে যায়। যদিও প্রথম কোয়ার্টারের দ্বাদশ মিনিটেই সমতা ফেরান সিঙ্গাপুরের চিয়া চেরিল। দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে গোলের দেখা পায়নি কোনো দলই। চতুর্থ কোয়ার্টারে গোলের জন্য তাই দুই দলই মরিয়া হয়ে ওঠে। নির্ধারিত সময়ে চার মিনিট বাকি থাকতে কাক্সিক্ষত মুহূর্তের দেখা পায় লাল-সবুজের দলটি। সার্কেলের ভেতরে ঢুকে জোরাল হিটে লক্ষ্যভেদ করেন রিয়া। এরপর ৫৮তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এই তারকা।

বাকি সময় আর গোল করতে পারেনি সিঙ্গাপুর। আর উচ্ছ্বাসে মেতে ওঠে বাংলাদেশের মেয়েরা। এই জয়ে প্রথমবার ফাইনালে ওঠার আনন্দে ভাসছে কোচ জাহিদ হোসেন রাজুর দল। বৃহস্পতিবার ফাইনালে তারা ইন্দোনেশিয়া ও চাইনিজ তাইপের মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে।