আসন্ন অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্টে বাংলাদেশ নারী ও পুরুষ দলের অফিসিয়াল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান ইপিলিয়ন গ্রুপ এবং জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর। এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশ হকি ফেডারেশনকে ১ কোটি টাকা সমপরিমাণ সহায়তা প্রদান করবে প্রতিষ্ঠান দুটি। গতকাল রোববার এ উপলক্ষে বাংলাদেশ হকি ফেডারেশন এবং ইপিলিয়ন গ্রুপ ও সেইলরের মধ্যে একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আগামী ২৯ মে থেকে ৬ জুন পর্যন্ত জাপানে আইচি শহরে টুর্নামেন্টটি এ বছর ২৯ মে থেকে ৬ জুন অনুষ্ঠিত হবে।

এই ১ কোটি টাকা আর্থিক সহায়তার মাধ্যমে খেলোয়াড়দের টুর্নামেন্ট-সংশ্লিষ্ট যাবতীয় ব্যয়ভার বহন করা হবে। এর মধ্যে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যাতায়াত, খেলোয়াড়দের আবাসন ও খাবার, টিম কিট, ইউনিফর্ম, প্রয়োজনীয় সরঞ্জাম থেকে শুরু করে প্রশিক্ষণ প্রস্তুতি ও আনুষঙ্গিক অন্যান্য খরচ অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দলের ম্যাচ জার্সি, প্র্যাকটিস জার্সি, ট্রাউজার, ট্রাভেল পোলো এবং টি-শার্টের সামনে সেইলর ও ইপিলিয়ন গ্রুপের লোগো প্রদর্শিত হবে। ব্যানার, ব্যাকড্রপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও থাকবে এই অংশীদারিত্বের ব্র্যান্ডিং।

নারী ও পুরুষ উভয় দলকে সমানভাবে সহায়তা করার এই উদ্যোগ দেশের তরুণ ক্রীড়া প্রতিভাদের বিকাশ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বকে আরও জোরালো করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এই স্পন্সরশিপ প্রসঙ্গে সেইলরের চিফ এক্সিকিউটিভ অফিসার মো. রেজাউল কবির বলেন, ‘বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ও পুরুষ হকি দল আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে, এই যাত্রায় তাদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইপিলিয়ন গ্রুপ ও সেইলর সবসময় সম্ভাবনাময় তরুণদের উৎসাহিত করতে বিশ্বাস করে। এই স্পন্সরশিপ শুধু আর্থিক সহায়তা নয়, এটি বাংলাদেশের ক্রীড়া ভবিষ্যতের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিফলন।’

অন্যদিকে, বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান (অব.) স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ও পুরুষ হকি দলের পাশে দাঁড়ানোর জন্য আমরা ইপিলিয়ন গ্রুপ ও সেইলরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের এই সহায়তা দলের প্রস্তুতি, অংশগ্রহণ এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফরম্যান্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ এই সম্মিলিত সহযোগিতা দেশের যুব হকির সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে এবং তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেছে ফেডারেশন।