জাতীয় হকি দলের ১০ তারকা খেলোয়াড় জার্মানির বুন্দেস লিগা-২ এ খেলতে ঢাকা ছেড়েছে। দীর্ঘদিন পর বাংলাদেশ থেকে একসঙ্গে এত বেশি সংখ্যক খেলোয়াড় জার্মানির লিগে খেলার সুযোগ পাচ্ছেন। আগামী দুই মাস তারা সেখানে অনুশীলনের পাশাপাশি বনের টিএইচভি ও এইচটিসি ক্লাবের হয়ে মাঠে নামবেন। ২০২৫ সালে ভারতে অনুষ্ঠিত যুব হকি বিশ্বকাপে ১৮ গোল করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন বাংলাদেশের তরুণ ড্র্যাগ-ফ্লিকার আমিরুল ইসলাম। ৫ ম্যাচে ৪টি হ্যাট্রিক করেছিলেন তিনি। সেই অবিশ্বাস্য পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবার ইউরোপের লিগে খেলার ডাক পেলেন এই উদীয়মান তারকা। গতকাল বৃহস্পতিবার জার্মানির বুন্দেস লিগা-২ এ খেলার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন আমিরুলসহ বাংলাদেশের ১০ জন হকি খেলোয়াড়। প্রথমবার ইউরোপের লিগে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আমিরুল ইসলাম। তিনি বলেন, “প্রথমবার দেশের বাইরে লিগ খেলতে যাচ্ছি, অনেক ভালো লাগছে। আশা করছি ওখানে অনেক নতুন কিছু শিখতে পারবো।”

অপরদিকে এর আগেও জার্মানিতে খেলার অভিজ্ঞতা থাকা রোমান সরকার বলেন, “ওখানকার সবকিছু অত্যন্ত উন্নতমানের। খেলার পাশাপাশি আমাদের অনেক কিছু শেখার আছে। এই সময়ে বসে না থেকে প্রতিযোগিতামূলক খেলার মধ্যে থাকাটা সবার জন্যই ইতিবাচক।” ইউরোপে খেলার সুযোগ আসলেও দেশের ঘরোয়া লিগ নিয়ে আক্ষেপ ঝরেছে ফরোয়ার্ড দ্বীন ইসলাম ইমনের কণ্ঠে। তিনি বলেন, “ইউরোপে খেলা আমাদের জন্য বড় সুযোগ। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশের লিগ অনিয়মিত। ইউরোপ থেকে ফিরে এসে কোথায় খেলবো, তা জানি না।”

জার্মান লিগের মান নিয়ে তিনি আরও যোগ করেন, “লিগ-২ এর ক্লাবগুলোতে আমাদের সমমানের বা তার চেয়েও উন্নত অ্যাথলেটরা রয়েছেন। সেখানে আমাদের আগে থেকেই সুনাম থাকায় নিয়মিত আমন্ত্রণ আসে। আমরাও চেষ্টা করি নিজেদের সেরাটা দিয়ে সেই মান ধরে রাখতে।” এই ১০ জনের প্রতিনিধি দলে আমিরুল ইসলাম ছাড়াও রয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ও তারকা মুখÑ দ্বীন ইসলাম ইমন, রোমান সরকার, রকিবুল হাসান, মাহবুব হোসেন জয়, ইমরান পিন্টু ও আশরাফুল ইসলাম।