বাংলাদেশের সম্ভাবনাময় সাঁতারু সামিউল ইসলাম রাফি বিশ্ব সাঁতারের নিয়ন্ত্রক সংস্থা ওয়ার্ল্ড অ্যাকুইটিস এর কাছ থেকে বৃত্তি পেয়েছিলেন। তারই ভিত্তিতে এই বছর জানুয়ারি থেকে বাহরাইনে উচ্চতর প্রশিক্ষণ নিতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারনে বাহরাইন যাওয়া হচ্ছেনা রাফির। চার মাস পর বাহরাইনের পরিবর্তে রোববার উচ্চতর ট্রেনিং নিতে থাইল্যান্ড গেছেন দেশসেরা এই সাঁতারু।
সাঁতার ফেডারেশন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন জানালেন, ‘জানুয়ারির শুরুর দিকে অনুশীলন শুরুর কথা থাকলেও তার চুক্তিপত্র এসেছিল ফেব্রুয়ারিতে। এরপর ভিসা প্রক্রিয়া শুরু হয়েছিল। কিছুদিন পরই আমেরিকা-ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যে অশান্ত হয়। তাই বিশ্ব সাঁতার ফেডারেশন বাহরাইনের পরিবর্তে রাফিকে ট্রেনিংয়ের জন্য থাইল্যান্ডে স্থানান্তর করেছে।’
থাইল্যান্ডের ফুকেটের থানিপাড়ায় আগেও অনুশীলন করেছেন রাফি। এ প্রসঙ্গে রাফি বলছেন, ‘সামনে কমনওয়েলথ ও এশিয়ান গেমস এ জন্য আমার অনুশীলন খুব প্রয়োজন ছিল। তাই বাহরাইনের পরিবর্তে আপাতত থাইল্যান্ডে দুই মাসের জন্য আমাকে বিশেষ ব্যবস্থা করেছে। দুই মাস পর বাহরাইনের পরিস্থিতি ভালো হলে সেখানে পাঠাতে পারে অথবা অন্য কোনো দেশেও দিতে পারে অনুশীলনের জন্য।’
রাফি বিগত সময়ে থাইল্যান্ডে অনুশীলনে ছিলেন। থাইল্যান্ডে থাকায় তার পারফরম্যান্স অনেক ভালো হয়। জাতীয় পর্যায়ে একাধিক রেকর্ড গড়েন। পাশাপাশি মালয়েশিয়া, সিঙ্গাপুরে আমন্ত্রণমূলক সাঁতারে পদক জেতেন। বাহরাইনে অনুশীলন করে নিজেকে আরো উন্নত করতে চান রাফি, 'আগামী সপ্তাহে বাহরাইন থেকে পরবর্তী নির্দেশনা পাব বলে ধারণা করছি। আধুনিক অনুশীলনে থাকলে আমার টাইমিং আরো ভালো হবে। এতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে সম্মান এনে দেয়ার ব্যাপারে আরো আশাবাদী।' চুক্তিপত্রে জানুয়ারি থেকে উল্লেখ থাকলেও ফেডারেশন পেয়েছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। বিগত সময়েও চুক্তি শুরুর পর ফেডারেশন কাগজপত্র পেয়েছিল। চুক্তিতে আপাতত ২০২৭ সালের আগস্ট উল্লেখ থাকলেও সেটা আরো এক বছর বাড়তে পারে পরবর্তী পর্যালোচনার প্রেক্ষিতে।