সাফের হ্যাটট্রিক শিরোপায় চোখ আফঈদা ও শামসুন্নাহারদের।।তাই তো তাদের প্রস্তুতিতে কোন ঘাটতি রাখতে চাচ্ছেনা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলের ব্রিটিশ কোচ পিটার বাটলারের চাহিদা অনুযায়ী ১৫ দিনের প্রস্তুতি ক্যাম্প থাইল্যান্ডে আয়োজন করেছে বাফুফে। গতকাল বৃহস্পতিবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু করতে থাইল্যান্ডে পৌঁছেছে গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল। তবে যাত্রার শুরুতেই বড় ধরনের সমস্যার মুখে পড়েছে দলটি। ভিসা জটিলতার কারণে দুই গোলকিপারসহ মোট নয়জন সদস্য যেতে পারেননি ব্যাংককগামী ফ্লাইটে।

বাংলাদেশ দলের দুই গোলরক্ষক রূপনা চাকমা ও মিলি আক্তার এখনও থাই ভিসা না পাওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি। তাদের পাশাপাশি কোচিং স্টাফ ও মিডিয়া বিভাগের আরও সাতজন সদস্যও একই কারণে আটকে গেছেন। দলীয় ম্যানেজার খালিদ মাহমুদ নওমী বিষয়টি নিশ্চিত করে বলেন, 'দুই গোলকিপার রূপনা চাকমা ও মিলি আক্তারসহ মোট নয়জন এখনও থাই ভিসা পাননি, তাই তারা দলের সঙ্গে যেতে পারেননি।' তবে তিনি আশাবাদী, ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলেই বাকিরা দ্রুত ব্যাংককে দলের সঙ্গে যোগ দেবেন। ব্রিটিশ কোচ পিটার বাটলার এবং ফিটনেস কোচ ক্যামেরন লর্ড-এর সঙ্গে ২৩ সদস্যের স্কোয়াডের ২১ জন খেলোয়াড় ইতোমধ্যেই থাইল্যান্ডে পৌঁছেছেন।

সাফ নারী চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। আগামী ২৫ মে ভারতের গোয়া শহরে শুরু হবে এই টুর্নামেন্ট। তার আগে থাইল্যান্ডে স্থানীয় ক্লাবগুলোর বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের মেয়েরা। সবকিছু ঠিক থাকলে ২১ মে থাইল্যান্ড থেকে সরাসরি গোয়ার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। উল্লেখ্য বি' গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে মালদ্বীপ ও ভারত। শিরোপা ধরে রাখা এবং হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ২৮ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে এই আঞ্চলিক টুর্নামেন্ট শুরু করবে দলটি। এরপর ৩১ মে স্বাগতিক ও রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে তারা।

২৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াড : রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডল, হালিমা আক্তার, শিউলি আজিম, আফঈদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, কোহাতি কিসকু, সুরভী আক্তার আফরিন, শামসুন্নাহার সিনিয়র, উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মমিতা খাতুন, মারিয়া মান্দা, মনিকা চাকমা, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, উমেহ্লা মারমা, মোসাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিকী, সৌরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার জুনিয়র।