হঠাতই বাংলাদেশ সফরে এসেছেন হামজা চৌধুরী। অন্যান্য সময় জাতীয় ফুটবল দলের অ্যাসাইনমেন্ট থাকলেও এবার এসেছেন বিজ্ঞাপনী সংস্থার অ্যাসাইনমেন্টে। সেই সফরের অংশ হিসেবে গতকাল নতুন কুঁড়ি স্পোর্টসের খেলা দেখতে মোহাম্মদপুরে ফিজিক্যাল মাঠে গিয়েছিলেন তিনি। সেখানে কিশোর-কিশোরীরা তাকে পেয়ে আনন্দে উদ্বেল হয়ে পড়েছিল। ছবিও তুলে রাখেন অনেকে। এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও উপস্থিত ছিলেন। পরে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে হামজাসহ বিদেশি কোচ নিয়োগ নিয়ে অনেক কথাই বলতে হয়েছে। তাবিথ আউয়াল নতুন কুড়ি স্পোর্টস নিয়ে সাংবাদিকদের বলেছেন, ‘নতুন কুঁড়িতে ৪৫ হাজার মেয়ে রেজিস্ট্রেশন করেছে খেলার জন্য। তো এটা বাংলাদেশের জন্য একটা খুবই মাইলফলক ব্যাপার। হামজা চৌধুরীকে সব ক্রীড়াবিদ স্টার হিসেবে গণ্য করে। প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেব এবং হামজা মিলে যে ইন্সপিরেশনটা দিয়েছেন, খালি আজকের এই ফিজিক্যালের মাঠে না, আপনাদের মাধ্যমে যে বার্তাটা পুরো বাংলাদেশে যাবে, তাতে অনেক ইয়াং তরুণ এবং তরুণীরা ইন্সপিরেশন পাবে খেলাধুলাতে থাকার জন্য এবং ভবিষ্যতে খেলার মাধ্যমে নিজেকে গড়ে তোলার জন্য।’ বিদেশি কোচ নিয়োগ নিয়ে বাফুফে সভাপতি বলেছেন, ‘১১ জনের ইন্টারভিউ বর্তমানে অনলাইনে চলছে। আগামীকালও হবে। ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি ইন্টারভিউগুলো নিচ্ছে। যখন ১১ জনের ইন্টারভিউ চূড়ান্ত করবে, তখন আমরা হয়তো এক্সিকিউটিভ কমিটিতে নিয়ে একটা ফাইনাল কোচের সিদ্ধান্ত নেবো। টার্গেট হলো রবিবারের ভেতর একটা ফাইনাল ডিসিশনে চলে যাবো। ১৫ মের ভেতরে আমরা চাই পরবর্তী কোচের চুক্তি স্বাক্ষর করতে।’ বিদেশি কোচ নিয়ে তাবিথ আউয়াল বলেছেন, ‘বাংলাদেশের ব্যাপারে সবাই এক্সাইটেড, আমরাও এক্সাইটেড তাদের নিয়ে। কিন্তু বিস্তারিত আলোচনায় গেলেই তো প্রতিকূলতা চলে আসে। তাই আমরা বাংলাদেশের বর্তমান অবকাঠামোর ব্যাপারে ডিসকাস করছি, তাদের চাহিদাগুলো শুনছি। যেগুলো বিবেচনার মাধ্যমে ফাইনাল একটা ডিসিশনে চলে যাবো।’ কোচ নির্বাচনের ক্ষেত্রে বাজেট বড় ইস্যু হলেও বাফুফে মূলত বিনিয়োগের বিপরীতে সেরা সাফল্য-ই খুঁজছেন। বর্তমানে ৫ জনের সাক্ষাৎকার শেষ হয়েছে। তাবিথ বলেছেন, ‘বাজেট হলো কী বিনিয়োগ করছেন, আর তার বিপরীতে আমরা কী পাচ্ছি। আগামী দুই বছরের ক্যালেন্ডারও আমাদের বিবেচনা করতে হবে যে, কী ধরনের টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, কী ধরনের দল গঠন করতে চাই। সব বিবেচনা করে যখন বিষয়গুলো কোচের সঙ্গে চূড়ান্ত করবো, তখন সম্ভবত সবার শেষে আসবে অর্থের ব্যাপারটা। সেখানে যদি বাজেটের বাইরে চলে যাই, আমি চেষ্টা করবো স্পন্সরদের সঙ্গে, সরকারের সঙ্গে এবং সংশ্লিষ্ট দেশের দাতা সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের জন্য।’ তাবিথ আউয়াল জানান, কোচ নিয়োগের প্রক্রিয়াটি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেন, ‘জাতীয় দল কমিটি বর্তমানে সাক্ষাৎকার গ্রহণ করছে। পাঁচজন কোচের সাক্ষাৎকার ইতোমধ্যে নেওয়া হয়েছে। আশা করছি, আগামী রোববারের মধ্যে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারব এবং ১৫ মের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হবে।’ বাংলাদেশ ফুটবল দলের কোচ হওয়ার জন্য ব্রাজিলের অলিম্পিক জয়ী কোচ রোজারিও মিকেল আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু সামাজিক মাধ্যমে খবর, বাফুফের সিদ্ধান্ত বিলম্ব হওয়ায় মিকেল নাকি অনাগ্রহ প্রকাশ করেছেন। এ বিষয়ে তাবিথ আউয়াল বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই শোনা যেতে পারে। আমি অনুরোধ করব ফেডারেশনের আনুষ্ঠানিক বক্তব্যের ওপর নির্ভর করতে। আমরা যাদের সাক্ষাৎকার নিয়েছি, তারা সবাই অত্যন্ত আগ্রহী এবং রোববারে আমাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।’
ফুটবল
নতুন কুঁড়ি স্পোর্টসের খেলা দেখতে মাঠে হামজা চৌধুরী
হঠাতই বাংলাদেশ সফরে এসেছেন হামজা চৌধুরী। অন্যান্য সময় জাতীয় ফুটবল দলের অ্যাসাইনমেন্ট থাকলেও এবার এসেছেন বিজ্ঞাপনী সংস্থার অ্যাসাইনমেন্টে। সেই সফরের অংশ হিসেবে গতকাল নতুন কুঁড়ি স্পোর্টসের খেলা দেখতে মোহাম্মদপুরে ফিজিক্যাল মাঠে গিয়েছিলেন তিনি।
Printed Edition