বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচের নাম জানতে সমর্থকদের অপেক্ষা করতে হবে ১৫ মে পর্যন্ত। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল কয়েকদিন আগে জানিয়েছিলেন রোববারের মধ্যে হেড কোচের নাম জানাবেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতির পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল রোববার আরামবাগস্থ অফিসে সাংবাদিকদের দিনব্যাপী ভিড় থাকলেও নতুন কোচের নাম ঘোষণা হয়নি। জানা গেছে বাফুফে এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, ‘না, আজকে (রোববার) কোচের নাম ঘোষণা করা হচ্ছে না। আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। ১৫ মে পর্যন্ত আলোচনা চলবে। এরপর সবকিছু ঠিক হবে।’
প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে একাধিক হাইপ্রোফাইল কোচ আগ্রহ দেখিয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। গ্যারেথ বেলদের মতো তারকাদের সামলানো ৫৫ বছর বয়সী কোলম্যান খেলোয়াড় হিসেবে ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন। কোচিং ক্যারিয়ারে তিনি রিয়াল সোসিয়েদাদ, সান্ডারল্যান্ড ও ফুলহামের মতো ক্লাবে দায়িত্ব পালন করেছেন। তার সবচেয়ে বড় অর্জন ২০১৬ ইউরোতে ওয়েলসকে ৫৮ বছর পর প্রথমবারের মতো টুর্নামেন্টে নিয়ে যাওয়া এবং সেমিফাইনালে পৌঁছে দেওয়া। তার অধীনে ওয়েলস ফিফা র্যাঙ্কিংয়ে ১১৭ থেকে ৮ নম্বরেও উঠে আসে।
তার পাশাপাশি আলোচনায় আছেন জার্মান কোচ বার্নড স্টর্ক। ৬৩ বছর বয়সী এই কোচ বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে খেলেছেন এবং কোচিং স্টাফেও ছিলেন। তিনি হাঙ্গেরি ও কাজাখস্তানের জাতীয় দলের দায়িত্বেও ছিলেন।এছাড়া ২০১৬ রিও অলিম্পিকে ব্রাজিলকে স্বর্ণ জেতানো কোচ রোজেরিও মিকেলের নামও তালিকায় ছিল। নেইমারের বাংলাদেশি বন্ধু রবিন মিয়ার মাধ্যমে তিনি আগ্রহ দেখিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত তিনি নিজেই সরে দাঁড়ান। বর্তমানে তিনি ব্রাজিলের দ্বিতীয় বিভাগের লন্ড্রিনা এসপোর্ত ক্লাবে দায়িত্বে আছেন।
তালিকায় একজন পর্তুগিজ কোচও রয়েছেন।তবে সব মিলিয়ে এখন পর্যন্ত ক্রিস কোলম্যানই সবচেয়ে এগিয়ে আছেন বলে জানা গেছে। বাফুফে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সভাপতির ঘোষণা অনুযায়ী ১৫ মেতেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।