২০১৯-২০ মৌসুমের পর প্রথমবারের মতো বার্লিনে ফাইনাল খেলবে বায়ার্ন মিউনিখ। বায়ার লেভারকুসেনের বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়ে ছয় বছর পর জার্মান কাপের (ডিএফবি-পোকাল) ফাইনালে উঠেছে বাভারিয়ানরা। ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও অভিজ্ঞতা ও দক্ষতায় এগিয়ে ছিল বায়ার্ন। ২২তম মিনিটে ইংলিশ তারকা হ্যারি কেইনের নিখুঁত শটে এগিয়ে যায় মিউনিখের দল। এরপর লেভারকুসেন চেষ্টা চালালেও গোল শোধ করতে পারেনি। শেষ মুহূর্তে, যোগ করা সময়ের (৯০+৩ মিনিট) মধ্যে লুইস দিয়াজ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন, যা বায়ার্নের জয়কে নিশ্চিত করে তোলে। এই জয়ের মাধ্যমে বায়ার্ন মিউনিখ ফাইনালে পৌঁছে গেল এবং চলতি মৌসুমে ট্রেবল জয়ের স্বপ্ন আরও জোরালো করলো। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে স্টুটগার্ট অথবা ফ্রেইবার্গ। দলের জয়ে একটি করে গোল করেন হ্যারি কেন ও লুইস দিয়াজ। দ্বিতীয় সেমিফাইনালে স্টুটগার্ট ও ফ্রেইবার্গ মধ্যকার ম্যাচে জয়ী দলের বিপক্ষে শিরোপার নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বায়ার্ন। ম্যাচের শুরু থেকেই লেভারকুসেনের রক্ষণভাগে চাপ সৃষ্টি করতে থাকে বায়ার্ন মিউনিখ। তবে লেভারকুসেনের গোলরক্ষক মার্ক ফ্লেকেন গোলবারে ছিলেন দুর্দান্ত। প্রতিপক্ষের আক্রমণভাগের ফুটবলারদের নেয়া একের পর এক শট রুখে দিতে থাকেন তিনি। তবে মুহুর্মুহু আক্রমণে তার পক্ষে গোলবার অক্ষত রাখা সম্ভব হয়নি। ম্যাচের ২২তম মিনিটে বায়ার্নের প্রথম গোলটি আসে হ্যারি কেনের পা থেকে। লুইস দিয়াজের সাথে চমৎকার ওয়ান-টু-ওয়ান পাসিং থেকে ডি-বক্সের ভেতর বল পেয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন ইংলিশ এই অধিনায়ক। ম্যাচ জুড়ে ফ্লেকেন মোট ৮টি নিশ্চিত গোল সেভ করেন, যার মধ্যে ৬টিই ছিল ডি-বক্সের ভেতর থেকে নেয়াবায়ার্নের জোরালো শট। তার এই বীরত্বে ব্যবধান আর বাড়াতে পারছিল না বায়ার্ন। অন্যদিকে লেভারকুসেনও হাল ছাড়েনি। দ্বিতীয়ার্ধে নাথান টেল্লার একটি বুলেট গতির শট ম্যানুয়েল নয়্যার অবিশ্বাস্য ক্ষিপ্রতায় রুখে না দিলে সমতায় ফিরতে পারত স্বাগতিকরা। নয়্যার পুরো ম্যাচে একটি মাত্র সেভ করলেও সেটিই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। ম্যাচ যখন ১-০ ব্যবধানে শেষের পথে, ঠিক তখনই ইনজুরি টাইমে কাউন্টার অ্যাটাক থেকে লেভারকুসেনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয় বায়ার্ন। সেন্টার ব্যাক কিম মিন-জের বাড়ানো চোখধাঁধানো এক থ্রু পাস খুঁজে নেয় লিয়ন গোরেৎজকাকে। গোরেৎজকা নিজে শট না নিয়ে বক্সের ভেতর থাকা লুইস দিয়াজকে পাস দেন এবং কলম্বিয়ান এই ফরোয়ার্ড ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে ২-০ ব্যবধান নিশ্চিত করেন। এই গোলের সাথেই বার্লিনের টিকিট নিশ্চিত হয়ে যায় বায়ার্নের। ২০১৯-২০ মৌসুমের পর বায়ার্নের জন্য এই টুর্নামেন্টের ফাইনাল ছিল অনেকটা স্বপ্নের মতো। টানা কয়েক বছর আগেভাগেই বিদায় নেয়ার পর এবার ফাইনাল নিশ্চিত হয় বাভারিয়ানদের। আগামী ফাইনালে তারা মুখোমুখি হবে এসসি ফ্রেইবার্গ বনাম ভিএফবি স্টুটগার্ট ম্যাচের বিজয়ীর বিপক্ষে।