হাভিয়ের কাবরেরার উত্তরসূরী খোঁজার শেষ পর্যায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ রোববার (১০ মে) মধ্যে জাতীয় দলের হেড কোচ চূড়ান্ত করবে ফেডারেশন। ১৫ মে’র মধ্যে হবে আনুষ্ঠানিক চুক্তি। হাই প্রোফাইল কোচ আনতে বাজেট বড় সমস্যা নয়, এমনটাই জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। যদিও এরই মধ্যে হাতছাড়া হয়ে গেছেন ব্রাজিলের রোজারিও মিকেল। দেশটির দ্বিতীয় স্তর সিরি বি'র দল লন্দ্রিনায় যোগ দিয়েছেন এই অলিম্পিক জয়ী কোচ।
বাংলাদেশের হেড কোচ হওয়ার রেসে শুরু থেকেই তার নাম শোনা যাচ্ছিলো জোরেশোরে। এমনকি ১১ জনের শর্টলিস্টেও ছিলেন তিনি। জানা গেছে হামজা-জামালদের গুরু হতে তিনি মাসিক ২৫ থেকে ৩০ হাজার ডলার বেতন চেয়েছিলেন। এরই মধ্যে তার সাক্ষাৎকারও নিয়েছেন ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল। শুক্রবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাকে কোচ হিসেবে পাচ্ছে না বাংলাদেশ। এমন গুঞ্জনের মাঝেই বিকালে অবশ্য বাফুফে সভাপতি জানিয়েছিলেন, এখনও ফেডারেশনের নজরে আছেন তিনি। কিন্তু রাত নাগাদ ব্রাজিলের সংবাদমাধ্যম প্রকাশ করে, রোজারিওর লন্দ্রিনায় যোগদানের খবর।