আঙুলে চোট পাওয়ার কারণে আসন্ন বিশ্বকাপ খেলা অনিশ্চিত হয়ে পড়েছে আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের। অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগ ফাইনালে খেলতে নেমে ম্যাচ শুরুর ঠিক আগেই তিনি গুরুতর চোটে পড়েন, যা এখন জাতীয় দল ও ভক্তদের মধ্যে শঙ্কা তৈরি করেছে। আর্জেন্টিনা দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তার চোটের খবরটি। ডান হাতের অনামিকা আঙুলে চোট পেয়েছেন তিনি। বিশ্বকাপের আগেই তিনি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। তবে মিস করবেন বিশ্বকাপের আগের প্রীতি ম্যাচগুলো। ইউরোপা কাপের ফাইনাল ম্যাচ শেষে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়ার্ম-আপের সময় আমার আঙুল ভেঙে গেছে। কিন্তু প্রতিটি খারাপ ঘটনার মধ্যেও ভালো কিছু থাকে। আমি সারাজীবন এভাবেই করেছি, এখনও করছি।’ আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, মার্তিনেজের অস্ত্রোপচারের প্রয়োজন হবে না তবে প্রায় ২০ দিনের জন্য মাঠের বাইরে থাকবেন তিনি ।