বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের ধারায় ফিরেছে দেশের ঐতিহ্যবাহি মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। গতকাল শনিবার মানিকগঞ্জের জেলা স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচে মোহামেডান ২-০ গোলে হারিয়েছে প্রতিবেশী আরামবাগ ক্রীড়া সংঘকে। এই জয়ে পয়েন্ট টেবিলে রহমতগঞ্জকে টপকে ষষ্ঠ থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে ঐতিহ্যবাহী দলটি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার প্রথমার্ধ গোলশূন্য ড্র ছিল। বিজয়ী দলের আক্রমণভাগের ফুটবলার সৌরভ দেওয়ান ও রহিম উদ্দিন গোল দুটি করেছেন।
চলমান লিগে কোচ আবদুল কাইয়ুমের কৌশলে দুর্দান্ত জয়ে এগিয়ে যাচ্ছে মোহামেডান। আগের রাউন্ডে বসুন্ধরা কিংসের কাছে হারলেও শনিবার ফের ঘুরে দাঁড়িয়েছে। আরামবাগকে হারিয়ে মাঠ ছেড়েছে সাদাকালোরা। অন্যদিকে রহমতগঞ্জকে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। লিগের ১২তম রাউন্ডে ঢাকা আবাহনীর কাছে হারের পর নিয়মিত কোচ আলফাজকে বরখাস্ত করেছিল মোহামেডান। সহকারীর সিট থেকে সরাসরি প্রধান কোচের তখতে বসা আবদুল কাইয়ুম সেন্টুর অধীনে ভালই করছে সাদা কালোরা। চার ম্যাচের তিনটিতে জয় এবং এক ম্যাচে হেরেছে (বসুন্ধরা কিংসের কাছে) তারা।
জয়ের লক্ষ্য নিয়ে গত আসরের চ্যাম্পিয়ন মোহামেডানের ফুটবলাররা খেলতে নামলেও গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৫২ মিনিট। সংঘবদ্ধ আক্রমনে বল পেয়ে সাদাকালো শিবিরকে সৌরভ দেওয়ান এগিয়ে নেন। গোলের দেখা পেয়ে উজ্জিবীত মোহামেডানের মুহুমুহু আক্রমনে অনেকটাই কোনঠাসা হয়ে পড়েছিল আরামবাগের রক্ষনভাগ। যার প্রেক্ষিতে খেলার ৭৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন রহিম উদ্দিন। এই জয়ে ১৬ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সপ্তম থেকে টেবিলের পঞ্চমে উঠে এসেছে মোহামেডান। অন্যদিকে ১৪ পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে সমান ম্যাচ খেলা আরামবাগ। মোহামেডানের হাতে আর মাত্র দুই ম্যাচ। জিতলে তবেই চতুর্থস্থানে থেকে লিগ শেষ করতে পারে সাদা কালোরা।
অন্য দিকে মুন্সিগঞ্জের ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচে এগিয়ে থাকা রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচের মাত্র ১০ মিনিটে জায়েদ আহমেদের গোলে এগিয়ে যায় পুরান ঢাকার ক্লাবটি। মিনিট ২৫ পর ম্যাচে সমতা আনেন গোপীবাগের হয়ে সাফ কোটায় খেলতে আসা পাকিস্তানের শায়াক দোস্ত। ৫২ মিনিটে শাহিন আহমেদ ব্রাদার্সকে এগিয়ে নেন। ৭১ মিনিটে সেই শায়াক দোস্তই ব্যবধান বাড়ান। শেষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে র্ব্রাদার্স। এই জয়ে ১৬ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে গোপীবাগের দলটি। হারলে ১৯ পয়েন্ট নিয়ে একধাপ উপরে রয়েছে রহমতগঞ্জ।