ফেডারেশন কাপের ১১ বারের চ্যাম্পিয়ন মোহামেডানের সামনে আরেকটি ফাইনালের হাতছানি। গতকাল মঙ্গলবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফিকেশন ম্যাচে মোহামেডান ৩-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। টুর্নামেন্টের এলিমিনেটরে মোহামেডানের হয়ে জুয়েল মিয়া দুটি ও সৌরভ দেওয়ান একটি গোল করেন। এই জয়ে মোহামেডান উঠে গেলো তৃতীয় কোয়ালিফিকেশন ম্যাচে। প্রথম ম্যাচের পরাজিত দল ব্রাদার্সের কিপক্ষে খেলতে হবে সাদাকালোদের। জিতলে উঠবে ফাইনালে। মোহামেডান সর্বশেষ ফেডারেশন কাপের ফাইনালে উঠেছিল ২০২৩ সালে। কুমিল্লায় হওয়া ঘটনাবহুল সেই ফাইনালে মোহামেডান ট্রাইব্রেকারে আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর জিতেছিল ফেডারেশন কাপের শিরোপা।
ফাইনালে যাওয়ার লক্ষ্য নিয়ে এদিন শুরু থেকে আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে মোহামেডান। ৬ মিনিটে মোজাফ্ফর মোজাফ্ফরভের ফ্রি কিকে আরিফ পা ছোঁয়ানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন। দশম মিনিটে ভাগ্যও সহায় ছিল না রহমতগঞ্জের। সতীর্থের থ্রু পাসে স্লাইড করেছিলেন সলোমন কিং, দুর্ভাগ্য বল তখন পোস্টে লেগে ফিরে আসে। ১৯ মিনিটে এক ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে জুয়েলের বাড়ানো ক্রসে গোলমুখ থেকে স্লাইড করেও নাগাল পাননি সৌরভ। তবে ২৮ মিনিটে জুয়েল মিয়ার দেওয়া গোলে ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় সাবেক চ্যাম্পিয়নরা। ৪১ মিনিটে পোস্ট ছেড়ে বেরিয়ে বক্সের ঠিক ওপরে সৌরভকে ফাউল করেন মামুন আলিফ। তখন মোজাফ্ফরভের জোরালো ফ্রি কিক আটকে ব্যবধান বাড়তে দেননি রহমতগঞ্জ গোলকিপার। ম্যাচের ৫৩ মিনিটে জুয়েল মিয়া দ্বিতীয় গোল করলে জয় দেখতে শুরু করে আবদুল কাইয়ুম সেন্টুর শিষ্যরা। ৭৬ মিনিটে সৌরভ দেওয়ান তৃতীয় গোল করলে মোহামেডানের জয় হয়ে পড়ে সময়ের ব্যপার।বাংলাদেশ ফুটবল লিগে মোহামেডান শিরোপা ধরে রাখার দৌড়ে পথ হারিয়েছে অনেক আগেই। কোচ আলফাজ আহমেদকে সরিয়ে সেন্টুকে দায়িত্ব দেওয়ার পর দুই ম্যাচ জিতলেও পয়েন্ট টেবিলে পেছনেই পড়ে রয়েছে তারা। এখন ফেডারেশন কাপই সাদাকালো সমর্থকদের আশার কেন্দ্র। এই টুর্নামেন্টে সফল হতে না পারলে মৌসুমটা ব্যর্থতায়ই ভরে থাকবে মতিঝিল পাড়ার ক্লাবটির। আগামী ১২ মে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ব্রাদার্স-মোহামেডান। এ ম্যাচের জয়ী দল শিরোপা লড়াইয়ে কিংসের মুখোমুখি হবে।