বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সভাটি আগামী ২২ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গতকাল সোমবার বাফুফে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।
এদিকে বাফুফের এই গুরুত্বপূর্ণ সভাটি পিছিয়ে যাওয়ার কারণ সম্পর্কে জানা গেছে এজিএম আয়োজনের অন্যতম প্রধান শর্ত হলো সংশ্লিষ্ট বছরের অডিট রিপোর্ট প্রস্তুত থাকা। কিন্তু ২০২৫ সালের অডিট রিপোর্ট এখনো সম্পন্ন না হওয়ায় বাফুফে সভাটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। জুনে বিশ্বকাপ ফুটবলের আসর থাকায় বাফুফে ও বিভিন্ন ক্লাবের অনেক কর্মকর্তা দেশের বাইরে থাকবেন।
এই পরিস্থিতিতে বিশ্বকাপের পর একটি সুবিধাজনক সময়ে এজিএম আয়োজন করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে রোববার অনুষ্ঠিত বাফুফের নির্বাহী কমিটির জরুরী সভায়।