নারী এশিয়ান কাপে প্রথমবার অংশ নিলেও অস্ট্রেলিয়ায় কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। গত মার্চে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে বাংলাদেশে দলের এমন পারফরম্যান্সের পরও ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। গতকাল মঙ্গলবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা মেয়েদের র্যাঙ্কিং হালনাগাদ করেছে। তাতে বাংলাদেশ আগের মতোই ১১২ নম্বরে রয়েছে। তবে তাদের রেটিং কমেছে ৪.৮৭ পয়েন্ট। বর্তমানে বাংলাদেশের রেটিং দাঁড়িয়েছে ১১৬৫.৫৭।
মার্চে অনুষ্ঠিত নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে মিলি আক্তার-আফঈদা খন্দকাররা খেলেছেন চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ ১১ গোল হজম করেছে। বিপরীতে তারা কোনো গোল করতে পারেনি। র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় উন্নতি করেছে আমেরিকান সামোয়া। ১৭ ধাপ এগিয়ে দলটির রেটিং বেড়েছে +০.৬২। ১১৩০.৪২ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে তারা অবস্থান করছে ১২০ নম্বরে।
অন্যদিকে, সবচেয়ে বেশি অবনতি হয়েছে সুরিনামের। বর্তমানে ওশেনিয়া অঞ্চলের এই দলটি অবস্থান করছে ১৩৯ নম্বরে। বরাবরের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে স্পেন। ১.০৩ রেটিং বেড়ে তাদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ২০৮৩.০৯। ২০৫৪.৬৫ রেটিং নিয়ে আগের দ্বিতীয় স্থানেই আছে যুক্তরাষ্ট্র।
এদিকে আজ বুধবার সাফ নারী ফুটবল টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে। সাফের ঢাকা কার্যালয়ে দুপুর একটায় শুরু হবে এই ড্র। গতকাল প্রকাশিত ফিফা র্যাংকিং অনুযায়ী সাফের ড্রয়ের পটগুলো সাজানো হবে। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত ৬৯ ও নেপালের র্যাংকিং ৮৭। বাকি দেশগুলো বাংলাদেশের চেয়ে পিছিয়ে।
আগামী ২৫ মে ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে সাফ নারী টুর্নামেন্টের আসর। এবার বাংলাদেশের জন্য হ্যাটট্রিক শিরোপা মিশন। গত দুবার নেপালে অনুষ্ঠিত টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। সাফের টুর্নামেন্টের ফলাফল ১৬ জুন প্রকাশিতব্য ফিফা র্যাংকিংয়ে প্রভাব ফেলবে।