ফেডারেশন কাপ ফুটবলে শিরোপা রেসে থাকা বসুন্ধরা কিংস আরও একধাপ এগিয়ে গেল। বাংলাদেশ পুলিশ এফসিকে হারিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করেছে কর্পোরেট দলটি। বকেয়া বেতন নিয়ে ঝামেলায় পড়েছে বসুন্ধরা কিংস। স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে বিদেশিরাও সংকটে রয়েছে। মাঝে অনুশীলন থেকে দূরেও ছিল তারা। শেষ পর্যন্ত আশ্বাস পেয়ে রাকিব-তপুরা খেলতে নেমেছেন। গতকাল মঙ্গলবার তো গুরুত্বপূর্ণ ম্যাচে হ্যাটট্রিক করেছেন দোরিয়েলতন গোমেজ। ব্রাজিলিয়ান এই স্ট্রাইকারের চার গোলে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে ৪-১ ব্যবধানের সহজ জয় পেয়েছে বসুন্ধরা কিংস। তাতে ফেডারেশন কাপের প্লে-অফ খেলাও নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

‘বি’ গ্রুপের শেষ রাউন্ডের আগে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল পুলিশ এফসি। ৫ পয়েন্ট করে ছিল বসুন্ধরা কিংস, মোহামেডান ও ফর্টিস এফসির। প্লে-অফে ওঠার হাতছানি ছিল সবার সামনেই। শেষ পর্যন্ত দারুণ জয়ে সমান ৮ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে গ্রুপ সেরা হয়েছে বসুন্ধরা কিংস। আর গ্রুপ রানার্সআপ হয়ে পরের রাউন্ডে উঠেছে আরেক সাবেক চ্যাম্পিয়ন মোহামেডান। গতকাল মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ৩৫ মিনিটে বক্সে ইউসুফের হাতে বল লাগলে পেনাল্টি পায় পুলিশ। কিন্তু স্পট কিক নিতে এসে বল ক্রসবারে মেরে বসেন ফরোয়ার্ড পাওলো এনরিক।

প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সে ঢুকে পড়া ফয়সাল আহমেদ ফাহিমকে ইসমাইল ফাউল করলে পেনাল্টি পায় কিংসও। গোলকিপারকে পরাস্ত করে সহজেই লক্ষ্যভেদ করেন দোরিয়েলতন। ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণের পাশাপাশি ম্যাচের নিয়ন্ত্রণও নেয় কিংস। রাকিব হোসেনের পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ-দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন দোরিয়েলতন। এরপর আরও দুই ডিফেন্ডারের বাধা ডিঙিয়ে ডান পায়ের নিচু শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। ৮২ মিনিটে রাকিবের আড়াআড়ি ক্রসে লাফিয়ে উঠে হেড থেকে হ্যাটট্রিক পূরণ করেন দোরিয়েলতন। শেষ দিকে আরও এক গোল করে পুলিশ এফসির বিদায় ঘণ্টা বাজিয়ে দেন ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে এম এস বাবলু ফিরতি শটে লক্ষ্যভেদ করে এক গোল শোধ দিয়ে হারের ব্যবধান কমিয়েছেন।