২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে বিদেশি দর্শকদের জন্য আরোপিত ব্যয়বহুল ভিসা বন্ড প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেয়া এই সিদ্ধান্তের ফলে বিশ্বকাপের টিকিটধারী দর্শকদের আর ৫ হাজার থেকে ১৫ হাজার ডলারের অতিরিক্ত বন্ড জমা দিতে হবে না। বুধবার এ ঘোষণা আসে বাইরে থেকে বিশ্বকাপের খেলা দেখতে যাবেন, তাদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে। কারণ, বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহীদের অনেকেই উচ্চ ভ্রমণ ব্যয়ের পাশাপাশি এই অতিরিক্ত অর্থ জমা দেয়ার নিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। গত বছরের আগস্টে চালু হওয়া এক নীতিমালার আওতায় ৫০টি দেশের নাগরিকদের অস্থায়ী মার্কিন ভিসা পেতে বন্ড জমা দিতে হতো। ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্র ত্যাগ করার পর সেই অর্থ ফেরত দেয়া হতো। মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা মোরা নামদার আল জাজিরাকে দেয়া এক বিবৃতিতে জানান, ‘যেসব সমর্থক বিশ্বকাপের টিকিট কিনেছেন এবং ২০২৬ সালের ১৫ এপ্রিলের মধ্যে ‘‘ফিফা পাস’’ প্রোগ্রামে নিবন্ধন করেছেন, তাদের জন্য ভিসা বন্ডের শর্ত প্রত্যাহার করা হচ্ছে।’ তিনি আরও জানান, বিশ্বকাপ উপলক্ষে দ্রুত ভিসা প্রক্রিয়ার জন্য আগে থেকেই বিশেষ কর্মসূচি চালু করা হয়েছিল। এছাড়া খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফসহ যোগ্য দলীয় সদস্যদের ক্ষেত্রেও বন্ডের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, টিকিটধারীদের নিয়মিত ভিসা যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে।বর্তমানে বিশ্বকাপে অংশ নেয়া অন্তত পাঁচটি দেশ- আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল ও তিউনিসিয়া এই ভিসা বন্ড নীতির আওতায় রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ধারণা, বিশ্বকাপ উপলক্ষে প্রায় এক কোটি দর্শনার্থী দেশটিতে প্রবেশ করবেন। আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বিভিন্ন শহরে শুরু হবে ম্যাচগুলো। ভিসা বন্ড ছাড়াও বর্তমানে অন্তত ৩৯টি দেশের ওপর বিভিন্ন ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্বকাপে অংশ নেয়া ইরান ও হাইতি। এছাড়া আইভরি কোস্ট ও সেনেগাল আংশিক নিষেধাজ্ঞার আওতায় আছে।
ফুটবল
বিশ্বকাপের ভিসা বন্ড নিয়ে সুখবর দিলো যুক্তরাষ্ট্র
২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে বিদেশি দর্শকদের জন্য আরোপিত ব্যয়বহুল ভিসা বন্ড প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেয়া এই সিদ্ধান্তের ফলে বিশ্বকাপের টিকিটধারী দর্শকদের আর ৫ হাজার থেকে ১৫ হাজার ডলারের অতিরিক্ত বন্ড জমা দিতে হবে না।
Printed Edition