আগামী ১১ জুন মেক্সিকো সিটি থেকে শুরু হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপ আসর ২০২৬। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা লেগেছে বিশ্ব ফুটবলে। ইনজুরি ও শারীরিক সমস্যার কারণে একাধিক তারকা ফুটবলারকে হারাতে বসেছে তাদের দেশ। ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস থেকে শুরু করে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও মেক্সিকো; সবাই হারিয়েছে গুরুত্বপূর্ণ মুখ। ফলে বিশ্বকাপের আগে যেমন দলগুলোর পরিকল্পনায় বড় ধাক্কা লেগেছে, তেমনি ফুটবলপ্রেমীদের স্বপ্নেও পড়েছে গভীর আঘাত।

ব্রাজিল (রদ্রিগো ও মিলিতাওয়ে দুঃসংবাদ) : ব্রাজিলের আক্রমণভাগে যখন অসংখ্য তারকার ভিড়, তখনও বড় ধাক্কা হয়ে এসেছে রদ্রিগোর ছিটকে যাওয়া। মার্চের শুরুর দিকে এসিএল ইনজুরিতে আক্রান্ত হয়ে দীর্ঘমেয়াদে মাঠের বাইরে চলে গেছেন এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। ২০২২ বিশ্বকাপে পেনাল্টি মিসের পর এবার আরেকটি সুযোগ ছিল ‘প্রতিশোধের’, কিন্তু তা আর হচ্ছে না। একই সঙ্গে ডিফেন্ডার এদের মিলিতাওয়ের বিশ্বকাপ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। উরুর অস্ত্রোপচারের কারণে তিনি অক্টোবরের আগে ফিরতে পারবেন না। এছাড়া তরুণ তারকা এস্তেভাওয়ের ফিটনেস নিয়েও শঙ্কা রয়েছে।

ফ্রান্স (হুগো একিতিকের বড় আঘাত) : ফ্রান্স দলে কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে ও মাইকেল অলিসের মতো তারকা থাকলেও বড় ধাক্কা এসেছে হুগো একিতিকের ইনজুরিতে। এপ্রিল মাসে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ায় তিনি পুরো মৌসুম থেকেই ছিটকে গেছেন। লিভারপুলে দুর্দান্ত মৌসুম কাটিয়ে জাতীয় দলে জায়গা পাকা করলেও এখন বিশ্বকাপ দেখা হবে কেবল টেলিভিশনেই।

নেদারল্যান্ডস (জাভি সিমন্সের ইনজুরি) : নেদারল্যান্ডসের মাঝমাঠের অন্যতম ভরসা জাভি সিমন্স এসিএল ইনজুরিতে পড়ায় বিশ্বকাপের স্বপ্ন শেষ। টটেনহ্যামের হয়ে খেলার সময় এই গুরুতর ইনজুরিতে পড়েন তিনি। তার অনুপস্থিতিতে কোচ রোনাল্ড কোম্যানের আক্রমণভাগে সৃজনশীলতার ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জার্মানি- (গ-ন্যাব্রির ইনজুরি দুশ্চিন্তা) : জার্মানির আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সার্জ গ-ন্যাব্রিও অ্যাডাক্টর ইনজুরির কারণে ছিটকে গেছেন। বায়ার্ন মিউনিখে দারুণ মৌসুম কাটালেও শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলা হচ্ছে না তার।

স্বাগতিক যুক্তরাষ্ট্র-(এজিয়ামাংয়ের দুর্ভাগ্য) : স্বাগতিক যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে প্যাট্রিক এজিয়ামাংয়ের ইনজুরি। অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ায় তিনি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। ডার্বি কাউন্টির হয়ে ভালো ফর্মে থাকলেও জাতীয় দলের পরিকল্পনায় থাকা এই ফরোয়ার্ড শেষ পর্যন্ত মাঠে নামতে পারছেন না।

মেক্সিকো- (গোলকিপার মালাগনের আঘাত) : সহ-স্বাগতিক মেক্সিকোর প্রথম পছন্দের গোলরক্ষক লুইস অ্যাঞ্জেল মালাগনও অ্যাকিলিস ইনজুরিতে পড়েছেন। ফলে তাকে ছাড়াই বিশ্বকাপে নামতে হবে এল ত্রি-কে। তবে তার অনুপস্থিতিতে অভিজ্ঞ গোলকিপার গুইয়েরমো ওচোয়ার জন্য আবারও বিশ্বকাপ খেলার সুযোগ তৈরি হয়েছে, যা হতে পারে তার ষষ্ঠ বিশ্বকাপ। বিশ্বকাপের আগে একের পর এক তারকার ছিটকে যাওয়া টুর্নামেন্টের উত্তেজনায় যেমন ম্লানতা এনে দিচ্ছে, তেমনি নতুন মুখদের জন্যও তৈরি করছে সুযোগ। এখন দেখার বিষয়, এই শূন্যস্থানগুলো পূরণ করে কারা হয়ে ওঠেন নতুন নায়ক।