বিশ্বকাপের অনুশীলন ক্যাম্প নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। রাজনৈতিক উত্তেজনা ও ভিসা জটিলতার কারণে দলটির বিশ্বকাপ বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুসন থেকে মেক্সিকোর তিহুয়ানায় সরিয়ে নেওয়া হচ্ছে। শনিবার এ খবর জানিয়ে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি বলেছেন, যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোয় বেজক্যাম্প করবে তাদের দল। ফিফা এরই মধ্যে অনুমোদন দিয়েছে। ইরান ফুটবল ফেডারেশনের মিডিয়া বিভাগের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মেহদি তাজ জানান, ‘বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দেশের বেস ক্যাম্প ফিফার অনুমোদিত হতে হয়। সৌভাগ্যক্রমে আমরা যে আবেদন জমা দিয়েছিলাম এবং ইস্তাম্বুলে ফিফা ও বিশ্বকাপ কর্মকর্তাদের সঙ্গে যে বৈঠক করেছি, পাশাপাশি তেহরানে ফিফার মহাসচিবের সঙ্গে গতকাল যে ওয়েবিনার বৈঠক হয়েছে- তার পরিপ্রেক্ষিতে আমাদের দলের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরানোর আবেদন অনুমোদন পেয়েছে।’ যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাজ আরও বলেন, ‘এমনও হতে পারে যে দলটি ইরান এয়ারের ফ্লাইট ব্যবহার করে মেক্সিকোতে যাওয়া-আসা করতে পারবে।’
আগে বিশ্বকাপ চলাকালীন ইরানের অনুশীলন ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টাকসনে হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের কারণে ক্যাম্প সরানোর সম্ভাবনা তৈরি হয়েছিল। টাকসনের কিনো স্পোর্টস কমপ্লেক্স কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, এখন দলটির বেস ক্যাম্প হবে মেক্সিকোর তিজুয়ানায়, যা যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর ঠিক দক্ষিণে অবস্থিত। বেস ক্যাম্প মেক্সিকোতে সরিয়ে নেওয়ার ফলে সম্ভাব্য ভিসা জটিলতাও এড়ানো যাবে।