বাংলাদেশে প্রথমবারের মতো ক্যাম্পাস লেভেলে আসন্ন ফিফা বিশ্বকাপের উন্মাদনাকে সৃজনশীল শিল্পচর্চার মাধ্যমে রূপ দিতে যাচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস (বুটেক্স)-এর স্বনামধন্য সংগঠন আর্ট এন্ড ফটোগ্রাফি ক্লাব অফ বুটেক্স (আর্টেক্স)। এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে ফুটবল বিশ্বকাপের আবেগকে শুধু খেলা দেখা বা সমর্থন প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ না রেখে, আর্ট ও ফটোগ্রাফির এক বিস্তৃত সাংস্কৃতিক প্রকাশে পরিণত করা হচ্ছে। অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আর্টেক্স’-এর বহুল পরিচিত ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘নীরবতায় কলরব ৭.০’, যা আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখে বুটেক্স এর কলরব প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনের মূল আকর্ষণ হলো, বাংলাদেশে সর্বপ্রথম ক্যাম্পাস পর্যায়ে বিশ্বকাপকে কেন্দ্র করে এমন একটি পূর্ণাঙ্গ সৃজনশীল প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে খেলাধুলার উন্মাদনা ও শিল্পচর্চা একসাথে মিলিত হয়েছে।
উল্লেখ্য, প্রথমবারের মতো বুটেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ন্যাশনাল আর্ট ও ফটোগ্রাফি এক্সিবিশন- ‘ইকেপিএইচওআরআইএ’। যেখানে ইতোমধ্যেই দেশের ৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারীরা তাদের কাজের মাধ্যমে আবেগ, সংস্কৃতি, জাতীয় পরিচয়, প্রতিদ্বন্দ্বিতা এবং বিশ্বকাপের বৈশ্বিক প্রভাবকে সৃজনশীলভাবে তুলে ধরছেন। এর মাধ্যমে বুটেক্স ক্যাম্পাসে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের একটি বৃহৎ আর্ট ও ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন বাস্তবায়িত হচ্ছে।প্রতিবারের মতো এবারও ‘নীরবতায় কলরব ৭.০’ ভিন্নধর্মী থিম ও নতুনত্ব নিয়ে হাজির হয়েছে। বিশ্বকাপ থিমকে কেন্দ্র করে ইতোমধ্যেই শুরু হয়েছে ক্যাম্পাসজুড়ে ওয়াল গ্রাফিতি, যা সম্পূর্ণভাবে আর্টেক্স-এর শিল্পীদের হাতের ছোঁয়ায় নির্মিত হচ্ছে। এই গ্রাফিতিগুলো ক্যাম্পাসে বিশ্বকাপের সৃজনশীল আবহ তৈরি করছে এবং দর্শনার্থীদের আকর্ষণ করছে।
এছাড়াও দিনব্যাপী আয়োজনে থাকছে- লাইভ আর্ট কন্টেস্ট, লাইভ টি-শার্ট ও টোট ব্যাগ পেইন্টিং, আর্ট ও ফটোগ্রাফি এক্সিবিশন, ফ্ল্যাশ মব, সাংস্কৃতিক পরিবেশনা, লাইভ পারফরম্যান্স এবং কনসার্টসহ নানা আয়োজন। এসব কার্যক্রম দর্শনার্থীদের জন্য একটি ইন্টার্যাক্টিভ ও ভিন্নধর্মী অভিজ্ঞতা নিশ্চিত করবে। এবারের আয়োজনটি আগের যেকোনো সময়ের তুলনায় বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে দেশের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ক্লাব পার্টনার এবং ক্যাম্পাস এম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছে, যা এই উদ্যোগকে একটি জাতীয় প্ল্যাটফর্মে রূপ দিয়েছে। এর মাধ্যমে সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে একটি সৃজনশীল সেতুবন্ধন গড়ে উঠছে।
আয়োজকদের মতে, এই উদ্যোগ বাংলাদেশের আর্ট ও ফটোগ্রাফি ক্লাবগুলোর জন্য একটি নতুন দিকনির্দেশনা তৈরি করবে। কারণ, এই প্রথম কোনো সংগঠন ২০২৬ বিশ্বকাপকে কেন্দ্র করে এমন একটি সমন্বিত সৃজনশীল প্ল্যাটফর্ম গড়ে তুলেছে এবং একইসাথে বুটেক্সে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের আর্ট ও ফটোগ্রাফি এক্সিবিশন আয়োজন করছে। আর্টেক্স বিশ্বাস করে, ‘নীরবতায় কলরব ৭.০’ শুধু একটি ইভেন্ট নয় বরং এটি তরুণ প্রজন্মের সৃজনশীলতা, আবেগ ও বৈশ্বিক সংযোগের এক অনন্য উদযাপন, যা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে শিল্প ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করবে।