ফেডারেশন কাপ ফুটবলের কোয়ালিফায়ার্সে আজ মঙ্গলবার শিরোপা প্রত্যাশি মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন। তৃতীয় কোয়ালিফায়ার্স ম্যাচটি কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এবারের মৌসুমের প্রথম টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপের শিরোপা জেতা হয়নি সাদাকালো শিবিরের। চ্যাম্পিয়ন হয়েও এবার বাংলাদেশ ফুটবল লিগের লড়াই থেকে আগেই ছিটকে গেছে। মোহামেডানের হাতে তাই একটাই সুযোগ- ফেডারেশন কাপের শিরোপা জয়।

মৌসুমের শুরুতে বাফুফে এবারের মৌসুমে পাঁচটি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিলেও দুটি আয়োজনে ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত সূচি থেকে বাদ পড়েছে স্বাধীনতা কাপ ও সুপার কাপ। তাই তিনটি টুর্নামেন্ট দিয়েই এ মাসে শেষ হতে যাচ্ছে ২০২৫-২৬ ফুটবল মৌসুম। লিগের লড়াইটা সীমাবদ্ধ হয়ে গেছে বসুন্ধরা কিংস ও আবাহনীর মধ্যে। মোহামেডান বাকি ম্যাচগুলো জিতলেও লাভ হবে না। তাই সাদাকালো সমর্থকদের জন্য মোহামেডানের সুযোগ ফেডারেশন কাপের শিরোপা জেতা।

ফেডারেশন কাপ ফুটবলের বাকি আর দুটি ম্যাচ। প্রথম কোয়ালিফায়ার্স জিতে ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। আজ দ্বিতীয় কোয়ালিফায়ার্সে ব্রাদার্সকে হারাতে পারলে ১৯ মে ফাইনালে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ হবে মোহামেডান। ফেডারেশন কাপের ফাইনালের জন্য ভেন্যু নির্ধারণ করা হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনা।

উল্লেখ্য ফেডারেশন কাপের দ্বিতীয় সফল দল মোহামেডান। তারা দ্বিতীয় সর্বোচ্চ ১১ বার জিতেছে এই টুর্নামেন্ট। সবচেয়ে বেশি ১২ বার চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। গত ফেডারেশন কাপের রানার্সআপ আবাহনী এবার বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকেই। মোহামেডান এবার চ্যাম্পিয়ন হতে পারলে আবাহনীর সমান্তরালে পৌঁছতে পারবে। তার আগে তাদের জিততে হবে ব্রাদার্সের বিপক্ষে।

মোহামেডানকে ১৪ বছর পর ফেডারেশন কাপ জেতানো ও প্রথমবার বাংলাদেশ ফুটবল লিগে চ্যাম্পিয়ন করানো কোচ আলফাজ আহমেদকে বিদায় করে দিয়ে দায়িত্ব দেয়া হয়েছে আবদুল কাইয়ুম সেন্টুকে। তার নেতৃত্বে মোহামেডান লিগে চার ম্যাচ খেলে তিনটি জিতেছে এবং ফেডারেশন কাপেও উঠে এসেছে ফাইনালের দ্বারপ্রান্তে। সেন্টু মোহামেডানের ফেডারেশন কাপের ট্রফি উদ্ধার করতে পারবেন কিনা সেটাই এখন দেখার। সেই টার্গেট পূরণে মঙ্গলবার মোহামেডানের প্রথম বাঁধা ব্রাদার্স ইউনিয়ন। মোহামেডানকে হারাতে পারলে ব্রাদার্স ইউনিয়ন দীর্ঘ ২১ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে উঠবে। সর্বশেষ তারা ২০০৫ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর আর ফাইনালেই উঠতে পারেনি কমলা জার্সিধারীরা।