আরেকটি শিরোপা জয়ের পথ আগেই সুগম করে রেখেছে বায়ার্ন মিউনিখ। এখন কেবল ১৫ পয়েন্টের ব্যবধানটা আরও বাড়িয়ে নেওয়ার পালা। সেই লক্ষ্যে খেলতে নেমে মেইনজের বিপক্ষে তাদের বড় পরীক্ষাই দিতে হলো। প্রথমার্ধেই তারা হজম করে ৩ গোল। তিনগুণ পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৪-৩ ব্যবধানে জয় নিয়ে ফিরল ভিনসেন্ট কোম্পানির বাভারিয়ান শিবির। প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে পজেশনে অনেক এগিয়ে থাকলেও, মেইনজের একের পর এক আক্রমণ সামলাতে হয়েছে জার্মান চ্যাম্পিয়নদের। মূলত নিজেদের আগের ম্যাচের একাদশ থেকে এদিন (শনিবার) আটটি পরিবর্তন নিয়ে নামার পর বায়ার্নের পারফরম্যান্সেও ছাপ পড়ে। বিরতির আগে দলটির একটি শটও লক্ষ্যে ছিল না।