আসন্ন ২০২৭ সালের এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বের আয়োজক হতে জোর তৎপরতা শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মালদ্বীপে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন হওয়ার টাটকা স্মৃতি এখনো দেশের ফুটবলপ্রেমীদের মনে। সেই সাফল্যের আত্মবিশ্বাসকে পুঁজি করেই এবার বড়সড় চমক দিতে চাইছে দেশের ফুটবলের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। গতকাল রোববার বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সভা শেষে সাংবাদিকদের এই সুখবর দেন কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদি। তিনি জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী আগস্ট-সেপ্টেম্বরে ঢাকার মাঠেই গড়াবে এশিয়ান কাপের এই মেগা ইভেন্ট।

জুলাইয়ে ফুটবল বিশ্বকাপের ডামাডোল থামার পর ২৫ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত এই বাছাই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বাছাইপর্বে বাংলাদেশ কোন গ্রুপে পড়বে বা প্রতিপক্ষ কারা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। আন্তর্জাতিক এই টুর্নামেন্ট আয়োজনের জন্য এরই মধ্যে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে প্রস্তাবিত ভেন্যুর তালিকা পাঠিয়েছে বাফুফে। আয়োজক হওয়ার দৌড়ে তালিকায় নাম রয়েছে পল্টনের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং বসুন্ধরা কিংস অ্যারেনার।

এএফসির সবুজ সংকেত পাওয়ার আগেই ভেন্যুগুলোতে শুরু হয়েছে ব্যাপক সংস্কার কাজ। জাতীয় স্টেডিয়ামের পিচ নতুন করে প্রস্তুত করা হচ্ছে। পিছিয়ে নেই কিংস অ্যারেনাও; সেখানে গ্যালারির ওপর শেড নির্মাণ, নতুন দর্শক-চেয়ার বসানো এবং প্রেসবক্স আধুনিকায়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। উল্লেখ্য, বয়সভিত্তিক এই আন্তর্জাতিক আসর আয়োজনের পাশাপাশি পুরুষদের সিনিয়র সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপও নিজেদের ঘরের মাঠে আয়োজন করার দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে নিজেদের প্রস্তুত করছে বাফুফে।

এদিকে সাফ অ-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের কোচ ব্রিটিশ মার্ক কক্সের সাথে বাফুফের চুক্তিমেয়াদ শেষ হওয়ায় তিনি ইংল্যান্ড ফিরে গেছেন। তাই আবার নতুন কোচ খুঁজছে বাফুফে। বছরের শুরুর দিকে নারী দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনকে হেড অব ইয়ুথ হিসেবে নিয়োগ দিয়েছিল ফেডারেশন। এখন বয়স ভিত্তিক দলের জন্য বিদেশি কোচ খোঁজায় ছোটনের অবস্থান নিয়ে প্রশ্ন হলে জাহেদী বলেন, ‘তিনি কাজ করছেন। তবে আমাদের বিদেশে কাজ করা অভিজ্ঞতা রয়েছে এমন কোচও দরকার। তা দলের জন্য ভালো। বয়সভিত্তিক প্রতি দলের জন্যই আলাদা বিদেশি কোচ দরকার। তাদের সাথে আমাদের দেশীয়রাও কাজ করবেন।’

ব্রিটিশ কোচ মার্ক কক্সের নিয়োগ নিয়ে প্রশ্ন ছিল অনেক। তাই এবার কোচ নিয়োগে আরো বেশি সতর্ক অবস্থানে বাফুফে। ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান বলেন, ‘যারা বাংলাদেশে তরুণ পর্যায়ে কোচিং করাতে আগ্রহী, তারা আবেদন করবে। সেখান থেকে আমাদের যাদের পছন্দ হয়, তাদের চূড়ান্ত করব।’বিদেশি কোচের পাশাপাশি বিদেশে খেলানোর পরিকল্পনাও রয়েছে ডেভলপমেন্ট কমিটির, ‘এএফসি অ-২০ টুর্নামেন্টের আগে আমাদের অন্তত তিনটি প্রস্তুতি ম্যাচ খেলানোর পরিকল্পনা রয়েছে। তেমনি এএফসি অ-১৭ টুর্নামেন্টের আগে ইউরোপে একাডেমি কাপ টুর্নামেন্টগুলোতে আমাদের দলকে পাঠানো হবে। যেখান থেকে অভিজ্ঞতা ও যোগ্যতা অর্জন হতে পারে।’