তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে গতকাল চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল। প্রথম দুই ওয়ানডে শেষে সিরিজে ১-১’এ সমতা বিরাজ করছে। যে কারনে সিরিজের তৃতীয় ওয়ানডে অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৬ রানে হারায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে পেসার নাহিদ রানার বোলিং তোপে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-১’এ সমতা ফেরায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের ছুঁড়ে দেয়া ১৯৯ রানের টার্গেট ৮৭ বল বাকী রেখেই স্পর্শ করে টাইগাররা। বল হাতে ১০ ওভারে ৩২ রান খরচায় ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরার স্বীকৃতি পান রানা।
বাংলাদেশের জয়ে ব্যাট হাতে অবদান রাখেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। তানজিদ ১০টি চার ও ৪টি ছক্কায় ৫৮ বলে ৭৬ রান করেন। ৫ চার ও ২ ছক্কায় ৫০ রানে আহত অবসর নেন শান্ত। দ্বিতীয় ওয়ানডের পর ফাইনাল নিয়ে আত্মবিশ্বাস দেখিয়েছে দুই দল। সঙ্গে একটু কথার লড়াইও। নিউজিল্যান্ড দলের ওপেনার নিক কেলি চট্টগ্রামের ম্যাচ নিয়ে বলেছেন, ‘‘অবশ্যই আত্মবিশ্বাসী (ম্যাচ জিততে)। কয়েকদিন আগেই আমরা ভালো খেলেছি। যদি আজ আরও ৪০-৫০ রান করতাম, ম্যাচটা ভিন্ন হতে পারত। আমরা দ্রুত ঘুরে দাঁড়াবো।’’ দ্বিতীয় ওয়ানডেতে নিউ জিল্যান্ডের হয়ে একাই লড়াই করেছেন কেলি। ব্যাট হাতে করেছিলেন ৮৩ রান। ১৭ রানের জন্য মিস করেন সেঞ্চুরি। দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে আত্মবিশ্বাসের রেণু ছড়িয়ে দেন তিনি। প্রথম ওয়ানডে নিউ জিল্যান্ড লড়াই করেই জিতেছে। শেষ ম্যাচে তারা হাল ছাড়বে না সেটা নিশ্চিতভাবেই বলা যায়।
কেলির চলে যাওয়ার পর বাংলাদেশকে জেতানোর নায়ক নাহিদ রানা এসেছিলেন সংবাদ সম্মেলনে। বল হাতে ৩২ রানে ৫ উইকেট নিয়ে আগুণ ঝরিয়ে দেন ডানহাতি পেসার। অতিথি দলের আত্মবিশ্বাসের কথা নাহিদ রানাকে জানাতেই শুরুতে শ্রদ্ধা দেখান নাহিদ, ‘‘তারা ভালো দল।’’ একটু পরই বলের গতির মতো শব্দের গতিও বাড়ান তিনি, ‘‘আসলে মুখে ক্রিকেট খেলা হয় না। মাঠে যে ভালো খেলবে সেই জিতবে। আশা করছি যারা ভালো খেলবে তারা জিতবে।’’ তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ হারের পর পরের দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের রেকর্ড কম বাংলাদেশের।
ওয়ানডেতে এখন পর্যন্ত তিন ম্যাচের সিরিজের মধ্যে ৪১টিতে প্রথম ম্যাচ হেরেছে বাংলাদেশ। যার ৩৯টিতেই ঘুরে দাঁড়াতে না পেরে সিরিজ হেরেছে বাংলাদেশ। কেবল ২টিতে জিতেছে বাংলাদেশ। একটি ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে।
সবশেষ ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এবার কী নিউ জিল্যান্ডের বিপক্ষে জিততে পারবে বাংলাদেশ? উত্তরটা কেবল সময়ই দিতে পারবে। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ২৭ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ২ মে ঢাকার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।