চোটের কারনে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে বুকে ব্যথা পান সাদমান। ঐ টেস্ট ১০৪ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। সাদমানের ইনজুরি নিয়ে বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম বলেন, ‘মিরপুরে প্রথম টেস্টে ক্যাচ ধরার সময় বুকে চোট পান সাদমান। তার বুকে গুরুতর আঘাত লেগেছে এবং ব্যথা আছে। দুর্ভাগ্যবশত দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না সাদমান।’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, ইনজুরি আক্রান্ত সাদমানের জায়গায় দ্বিতীয় টেস্টের দলে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি ব্যাটার জাকির হাসান। ২০২২ সালের ডিসেম্বরে চট্টগ্রামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে পথচলা শুরু হয় জাকিরের। এরপর ১৩ টেস্টে ১ সেঞ্চুরি ও ৪ হাফ-সেঞ্চুরিতে ৫৯৩ রান করেন তিনি। অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকান জাকির।