আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান অ্যাডহক কমিটি। এরই মধ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এবং ১৯২ জন কাউন্সিলরের নাম চেয়ে সংশ্লিষ্ট সংস্থা ও ক্লাবগুলোকে চিঠি পাঠানো হয়েছে। এই তালিকা ১৬ মের মধ্যে জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। এবারের বিসিবি নির্বাচনে কাউন্সিলর তালিকায় বেশ কিছু বড় রদবদল লক্ষ্য করা গেছে। বিশেষ করে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবগুলো থেকে কারা নেতৃত্বে আসছেন, তা নিয়ে চলছে জোর আলোচনা। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, এবার মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে কাউন্সিলর হয়েছেন মাসুদুজ্জামান। সাবেক বিসিবি পরিচালক মাহবুব আনাম ও লোকমান হোসেনের নাম আলোচনায় থাকলেও, লোকমান এবার কাউন্সিলরই হননি। মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের কাউন্সিলর হয়েছেন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের সদস্য ফাহিম সিনহা। ব্রাদার্স ইউনিয়ন থেকে কাউন্সিলর হয়েছেন ইশরাক হোসেন এবং ওল্ড ডিওএইচএস থেকে কাউন্সিলরশিপ পেয়েছেন খোদ তামিম ইকবাল। এছাড়া ইন্দিরা রোড ক্রীড়া চক্র থেকে রফিকুল ইসলাম বাবু এবং প্রাইম ব্যাংক থেকে তানজিল চৌধুরী কাউন্সিলর মনোনীত হয়েছেন। এবারের বিসিবি নির্বাচনে মোট ১৯২ জন ভোটার বা কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন। যদিও নির্বাচনের আগে এখনও অনেক হিসেবে নিকেশ বাকি রয়েছে। বর্তমান ১১ সদস্যের অ্যাডহক কমিটি থেকে কমপক্ষে ৭ জন সদস্য নির্বাচন করবেন বলে জানা গিয়েছে। এদিকে বিভাগীয় ও জেলা বিভাগীয় পর্যায় এবং সাবেক ক্রিকেটারদের মধ্যে থেকেও চলছে কাউন্সিলর জমা দেয়ার তোড়জোড়। চট্টগ্রাম বিভাগ থেকে কাউন্সিলর হয়েছেন জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সিলরশিপ জমা দিয়েছেন সিরাজউদ্দিন আলমগীর। সাবেক অধিনায়ক ক্যাটাগরিতে কাউন্সিলর হয়েছেন হাবিবুল বাশার সুমন ও খালেদ মাহমুদ সুজন। এছাড়া সাবেক ক্রিকেটারদের মধ্যে তালহা জুবায়ের, সৈয়দ রাসেল, নাজমুল ইসলাম, নাফিস ইকবাল ও নাইম ইসলাম কাউন্সিলরশিপ পেয়েছেন। এবারের নির্বাচনেও তিন ক্যাটাগরি রয়েছে। যার মধ্যে ক্যাটাগরি এ থেকে লড়বেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলররা। সবমিলিয়ে সেখানে ভোটার রয়েছে ৭১টি। এছাড়া ক্যাটাগরি বি থেকে (ঢাকার ক্লাব) কর্তারা, সেখানে ভোটার রয়েছেন ৭৬ জন। এছাড়া ক্যাটাগরি সি থেকে (বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও সাবেক ক্রিকেটার) ভোটার রয়েছেন ৪৫ জন। সবমিলিয়ে মোট ভোটার ১৯২ জন। আগামী কয়েক দিনের মধ্যে ১৯২ জনের পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করবে বিসিবি। আমিনুল ইসলাম বুলবুল পরবর্তী যুগে বিসিবির মসনদে কে বসবেন, তা নির্ধারণে এখন হিসেব-নিকেশ শুরু করেছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।