আগামী ৪ মে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। ১২ দলের এই প্রতিযোগিতা হবে ৬ ভেন্যুতে। টুর্নামেন্ট শেষ হবে ১১ জুন। এবার সুপার লিগ থাকবে না। থাকবে রেলিগেশন লিগ। সব মিলিয়ে মোট ম্যাচ হবে ৬৯টি। লিগ পর্যায়ে ৬৬টি ম্যাচের সঙ্গে রেলিগেশন লিগে থাকছে ৩ ম্যাচ। ঢাকা লিগ দেশের ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ আসর। ক্রিকেটারদের রুটিরুজির বড় উৎস এই প্রতিযোগিতা। লিগে অংশগ্রহণ করা ১২ দলে মোট ক্রিকেটারের সংখ্যা প্রায় দুইশ জন। বড় ক্লাবগুলো একাধিক ক্রিকেটার নিয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, আবাহনী লিমিটেড, ঢাকা লেপার্ডস শক্তিশালী দল তৈরি করেছে। খুব বেশি পিছিয়ে রাখা যাবে না বাকিদেরও।

পাশাপাশি জাতীয় সীমিত দলের ক্রিকেটারদের শুরু থেকে পাওয়া যাবে বলে লিগের উত্তেজনাও থাকবে দারুণ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর বাকিরাও যোগ দেবেন। খেলায়াড় ও ক্লাবের দাবির পর প্রিমিয়ার লিগের সুযোগ সুবিধাও এবার বাড়িয়েছে বিসিবি। ম্যাচর দিন ক্লাবগুলোর ট্রান্সপোর্ট এবং খাবারের ব্যবস্থা করবে বোর্ডই। সব ভেন্যুতে থাকবে বিশষায়িত অ্যাম্বুলেন্স। প্রতিটি রাউন্ড শেষে থাকবে দুই দিনের বিরতি।