বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্ভাবিত আধুনিক কৃষি প্রযুক্তি মাঠপর্যায়ে আরও কার্যকরভাবে সম্প্রসারণ এবং গবেষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ১৪ দিনব্যাপী ‘নতুন উদ্ভাবিত প্রযুক্তি’ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) বারির প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের উদ্যোগে ইনস্টিটিউটের সেমিনার কক্ষে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির। তিনি বলেন, গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তিকে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে বিজ্ঞানীদের দক্ষতা, সমন্বয় এবং কার্যকর প্রযুক্তি সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী গবেষণা ও আধুনিক প্রযুক্তির বিকল্প নেই। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান গবেষণা ও মাঠপর্যায়ে কাজে লাগানোর জন্য অংশগ্রহণকারী বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজেন্সি প্রোগ্রাম ডাইরেক্টর (পার্টনার-বারি অঙ্গ) ড. জগদীশ চন্দ্র বর্মন। তিনি গবেষণা কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং প্রযুক্তি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণ কর্মসূচি সমন্বয় করেন বারির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. বজলুর রহমান এবং উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. মিজানুর রহমান।
প্রশিক্ষণে বারির বিভিন্ন গবেষণা কেন্দ্র ও বিভাগের মোট ৬০ জন বিজ্ঞানী অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে বারির বিভিন্ন কেন্দ্র ও বিভাগের সিনিয়র বিজ্ঞানী, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী বিজ্ঞানীরা বারির সর্বাধুনিক উদ্ভাবিত প্রযুক্তি, গবেষণার ফলাফল এবং প্রযুক্তি সম্প্রসারণের কার্যকর কৌশল সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করেছেন। ভবিষ্যতে এসব প্রযুক্তি কৃষকের কাছে দ্রুত পৌঁছে দিতে এবং কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রশিক্ষণটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মসূচিটি পার্টনার (PARTNER) প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত হয়েছে।