ইউটিউব ভিডিওর ভিউ গণনার পদ্ধতিতে বড় পরিবর্তন আনছে। আগামী ২৪ আগস্ট-২০২৬ থেকে প্ল্যাটফর্মটির সব ধরনের ভিডিওতে ভিউ গণনার জন্য একই মানদণ্ড চালু করা হবে। নতুন নিয়মে কোনো ভিডিও প্লে হওয়া শুরু করলেই, অর্থাৎ প্রথম ফ্রেম দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে সেটিকে একটি ভিউ হিসেবে গণনা করা হবে।

ইউটিউব জানিয়েছে, এর আগে বিভিন্ন ভিডিও ফরম্যাটে ভিউ গণনার জন্য আলাদা পদ্ধতি ব্যবহার করা হতো। বিশেষ করে শর্টসের ভিউ গণনার পদ্ধতিতে গত বছর পরিবর্তন আনা হয়েছিল। এবার সেই একই মানদণ্ড অন্যান্য ভিডিও ফরম্যাটেও কার্যকর করা হচ্ছে।

ইউটিউবের মতে, নির্মাতারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ভিউ মেট্রিক নিয়ে বিভ্রান্তির কথা জানিয়ে আসছিলেন। নতুন পদ্ধতির মাধ্যমে সব ফরম্যাটে ভিউ গণনায় সামঞ্জস্য আসবে এবং নির্মাতারা তাদের ভিডিও কত মানুষের কাছে পৌঁছাচ্ছে, সে বিষয়ে আরও পরিষ্কার ধারণা পাবেন।

নতুন ভিউ মেট্রিক চালু হলেও ইউটিউব অ্যানালিটিকসে আগের ভিউ হিসাব পুরোপুরি বাদ দেওয়া হচ্ছে না। Engaged views নামে আগের মেট্রিকটি YouTube Analytics-এর Advanced Mode-এ রাখা হবে। এর মাধ্যমে কতজন দর্শক ভিডিও চালু হওয়ার পর সেটি দেখতে চালিয়ে গেছেন, তা বোঝা যাবে।

ইউটিউব জানিয়েছে, ভিউ গণনার এই পরিবর্তনের কারণে নির্মাতাদের আয় বা YouTube Partner Program (YPP)-এর যোগ্যতার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না।

নির্মাতাদের আয় আগের মতোই Engaged Shorts views এবং Engaged Watch Hours-এর ভিত্তিতে হিসাব করা হবে। এসব তথ্য YouTube Analytics-এর Advanced Mode-এ দেখা যাবে।

YPP-তে প্রবেশের শর্তেও কোনো পরিবর্তন আনা হচ্ছে না। তবে পরবর্তীতে valid public Shorts views এবং valid public watch hours-এর পরিবর্তে যথাক্রমে qualified Shorts views এবং qualified watch hours শব্দ ব্যবহার করা হবে।

আগামী ২৪ আগস্ট থেকে ইউটিউবের বিভিন্ন জায়গায় নতুন নিয়মের ভিউ মেট্রিক দেখা যাবে। ফলে আগের তুলনায় নির্মাতাদের মোট ভিউ সংখ্যা দ্রুত বাড়তে দেখা যেতে পারে।

ইউটিউব বলছে, সব ভিডিও ফরম্যাটে একই ভিউ গণনার পদ্ধতি চালু হলে নির্মাতারা তাদের প্রকৃত দর্শক-পরিধি আরও সহজে বুঝতে পারবেন। একই সঙ্গে ব্র্যান্ড ও স্পনসরদের কাছে নিজেদের কনটেন্টের প্রকৃত পরিসর তুলে ধরাও সহজ হবে।

নতুন ভিউ গণনার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে নির্মাতারা ইউটিউবের হেল্প সেন্টারের তথ্য দেখতে পারবেন।