দেশের কথা: মতামতের জন্য সম্পাদক দায়ী নন

আমাদের প্রিয় শহরগুলো আজ পোস্টারের অরণ্যে পরিণত হয়েছে। দেয়াল, বৈদ্যুতিক খুঁটি কিংবা উড়াল সড়ক কোথাও তিলমাত্র ফাঁকা জায়গা নেই। যত্রতত্র পোস্টার সাঁটানো কেবল শহরের সৌন্দর্যই নষ্ট করছে না, বরং চারপাশের পরিবেশকে করে তুলছে চরম দৃষ্টিকটু। পরিচ্ছন্ন শহরের স্বপ্ন আজ যেন পোস্টারের কাগজের আড়ালেই চাপা পড়ে যাচ্ছে। সৌন্দর্যহানির পাশাপাশি এসব পোস্টার পরিবেশ ও নগর-অবকাঠামোর মারাত্মক ক্ষতি করছে। বৃষ্টি বা বাতাসে ছিঁড়ে পড়া পোস্টার পানি নিষ্কাশন নালায় গিয়ে জমা হয়; ফলে সামান্য বৃষ্টিতেই নর্দমা আটকে দেখা দেয় ভয়াবহ জলাবদ্ধতা। এছাড়া আঠা দিয়ে সাঁটানো এসব পোস্টার দেয়ালের পলেস্তারা ও রং নষ্ট করে সরকারি-বেসরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতিসাধন করছে।

তথ্যপ্রযুক্তির উৎকর্ষের যুগে প্রচারণার মাধ্যম হিসেবে কাগজের পোস্টারের ওপর নির্ভরতা একেবারেই অযৌক্তিক। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পরিবেশবান্ধব উপায়ে সহজেই বিপুলসংখ্যক মানুষের কাছে পৌঁছানো সম্ভব। তাই সুন্দর ও বাসযোগ্য আগামীর স্বার্থে এখনই যত্রতত্র পোস্টার লাগানো বন্ধ করতে হবে। আইনের কঠোর প্রয়োগ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও পোস্টারমুক্ত শহর গড়ে তোলা সম্ভব যা আজ প্রতিটি নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা।

-আমানুর রহমান

শিক্ষার্থী, স্নাতক, হাবিবুল্লাহ বাহার কলেজ, শান্তিনগর, ঢাকা।