জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের পরিবর্তনশীল রাজনীতি এখন ক্রমেই যেন আরও নাজুক এক পর্যায়ে প্রবেশ করছে। সংস্কারপন্থী প্রত্যাশা এবং রাষ্ট্রক্ষমতার বাস্তবতার মধ্যে ক্রমবর্ধমান টানাপোড়েন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সম্প্রতি শেষ হওয়া সংসদ অধিবেশনে, আন্তর্জাতিক অংশীজনদের মতামতে, সুশীল সমাজের বিভিন্ন আয়োজনগুলো সম্মিলিতভাবে ইঙ্গিত দিচ্ছে যে, জুলাই অভ্যুত্থানের সময় যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল এবং দেশ এখন যে পথে এগোচ্ছে-এই দুইয়ের মধ্যে ব্যবধান ক্রমশ বিস্তৃত হচ্ছে।
বর্তমান সংকটের কেন্দ্রে রয়েছে রাষ্ট্রের ভবিষ্যৎ চরিত্র নিয়ে একটি মৌলিক দ্বন্দ্ব। জুলাইয়ের গণঅভ্যুত্থান রাষ্ট্র পরিচালনা, জবাবদিহিতা কাঠামো এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহে কাঠামোগত সংস্কারের ব্যাপারে জনগণের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি করেছিল। পূর্ববর্তী আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময়ে হাজার হাজার মানুষ নিহত, আহত, গুম কিংবা রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছিলেন। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে পরিবর্তন করে দেওয়া জুলাই আন্দোলনকে অংশগ্রহণকারীরা কেবল এক রাজনৈতিক শক্তি থেকে আরেক রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তরের ঘটনা হিসেবে নয়, বরং একটি সামগ্রিক রাষ্ট্রীয় পরিবর্তনের সংগ্রাম হিসেবে দেখেছিলেন।
সে রাজনৈতিক পরিবর্তনের অব্যবহৃত পরেই বিভিন্ন রাজনৈতিক অংশীজনের মধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে একটি বিস্তৃত ঐকমত্য তৈরি হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের ব্যানারে মাসের পর মাস আলোচনাও হয়েছিল। উক্ত আলোচনাগুলোর মাধ্যমে রাজনৈতিক দলগুলো একটি সংস্কার কাঠামোর বিষয়ে একমত হয়, যা পরবর্তীতে ‘জুলাই সনদ’ নামে পরিচিতি পায়। পরবর্তীতে একটি গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার ওই সংস্কার প্রস্তাবগুলোর প্রতি সমর্থন জানান বলে জানা যায়।
প্রস্তাবিত এসব সংস্কার কেবল প্রতীকী কোনো উদ্যোগ ছিল না। বরং এগুলোর মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহে মৌলিক পুনর্গঠনের পরিকল্পনা করা হয়েছিল। যদিও সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি দাবি করেছেন, তাদের মধ্যে আশঙ্কা ছিল যে, এসব সংস্কারের অজুহাতে অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকে কিনা তা নিয়ে তাদের শংকা ছিল বিধায় তখন তারা সবকিছুতেই সম্মত হয়েছিলেন। তবে জনগণ কিন্তু সত্যিকারেই সংস্কার চেয়েছিল। কারণ বাংলাদেশকে আওয়ামী লীগ যে জায়গায় নিয়ে গিয়েছিল, সংস্কার না করে কেবল নির্বাচন দিয়ে সেখান থেকে ফিরিয়ে আনা যাবে না। জনগণের বহুল কাক্সিক্ষত প্রধান সংস্কার কর্মসূচির মধ্যে ছিল পুলিশ ব্যবস্থার সংস্কার, সুপ্রিম কোর্টের অধীনে একটি পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করা, গুমের ঘটনাগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা, মানবাধিকার সুরক্ষা জোরদার করা এবং একটি প্রকৃত স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা। তবে সরকারি দল অন্তর্বর্তী সরকারের সময়ে এই ইস্যুগুলোতে গৃহীত অধ্যাদেশগুলো বাস্তবায়নের দিকে না যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবেই এসব জরুরি ও প্রয়োজনীয় অধ্যাদেশের অধিকাংশই এরই মধ্যে বাতিল হযে গিয়েছে। কেননা, বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত কোনো অধ্যাদেশ জাতীয় সংসদ অধিবেশন বসার পর ৩০ দিনের (এক মাস) মধ্যে অনুমোদিত বা পাস না হলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল বা বিলুপ্ত হয়ে যায়।
এ সংকটের সবচেয়ে দৃশ্যমান প্রকাশ দেখা যায় জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর-সংক্রান্ত আইন পাসের সময় সংসদে। জাদুঘরটি মূলত অভ্যুত্থানের সময় জীবন উৎসর্গকারী মানুষদের সম্মিলিত স্মৃতির প্রতীক হওয়ার কথা ছিল। কিন্তু জাতীয় মালিকানার প্রতীক হয়ে ওঠার পরিবর্তে, এটি ঘিরে প্রণীত আইন তীব্র বিতর্কের জন্ম দেয়। এর আগে একটি সংসদীয় বিশেষ কমিটি জাদুঘর অধ্যাদেশসহ কয়েক ডজন অধ্যাদেশ কোনো ধরনের পরিবর্তন ছাড়াই অনুমোদনের বিষয়ে একমত হয়েছিল বলে জানা যায়। কিন্তু পরবর্তীতে সরকারি দলের সংসদ সদস্যরা এতে গুরুত্বপূর্ণ সংশোধনী প্রস্তাব করেন।
এসব সংশোধনীর মধ্যে ছিল জাদুঘরটিকে সরাসরি সরকারি নিয়ন্ত্রণে নিয়ে আসা, যেখানে একটি সরকারি মন্ত্রীকে এর পরিচালনা পর্ষদের প্রধান করা হয়। এছাড়াও ‘জনস্বার্থের’ কথা বলে সরকারকে বোর্ড সদস্যদের অপসারণের ক্ষমতা দেওয়া হয় এবং পূর্বের সেই প্রশাসনিক কাঠামো পরিবর্তন করা হয়, যা প্রতিষ্ঠানটির স্বাধীনতা নিশ্চিত করার উদ্দেশ্যে নির্ধারণ করা হয়েছিল। বিরোধী দলের সংসদ সদস্যরা এর তীব্র বিরোধিতা করেন। তাদের দাবি ছিল, এভাবে জাদুঘরটি অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের একটি স্বাধীন প্রতিষ্ঠান হওয়ার পরিবর্তে সরকারের নিয়ন্ত্রণাধীন একটি হাতিয়ারে পরিণত হবে।
বিতর্ক আরও তীব্র হয় যখন বিরোধী আইনপ্রণেতারা দাবি করেন যে, সংশোধনীগুলোর বিষয়ে তাদের আগেই অবহিত করা হয়নি। তাদের মতে, পূর্ব ঘোষণা ছাড়া এমন পরিবর্তন আনা সংসদীয় আস্থার লঙ্ঘন এবং এটি ছিল পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। বিতর্ক তীব্রতর হলে সরকারের শীর্ষ পর্যায়ের নেতারা সংসদীয় কার্যপ্রণালার অধিকার উল্লেখ করে সংশোধনীগুলোর পক্ষে অবস্থান নেন। তবে বিরোধী দল এটিকে একটি বৃহত্তর প্রবণতার অংশ হিসেবে দেখছে, যেখানে রাজনৈতিক সমঝোতা হওয়ার পরও পূর্বের প্রতিশ্রুতিগুলো পরিবর্তন করা হচ্ছে। শেষ পর্যন্ত এই বিরোধের জেরে বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করে, যা আইন প্রণয়ন প্রক্রিয়ায় অসৎ রাজনৈতিক কৌশল হিসেবে বিবেচিত ঘটনাগুলোর প্রতি তাদের ক্রমবর্ধমান অসন্তোষের ইঙ্গিত বহন করে।
জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ইস্যুর বাইরেও সংস্কার প্রতিশ্রুতির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অধ্যাদেশকে ঘিরে আরও বড় ধরনের রাজনৈতিক বৈপরীত্য তৈরি হয়েছে। গুম, মানবাধিকার সুরক্ষা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এবং গণতান্ত্রিক সুরক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত একাধিক অধ্যাদেশ ক্ষমতাসীন মহলের অনাগ্রহের কারণে বাতিল হয়ে গিয়েছে। বিরোধীদের দাবি, রাষ্ট্রের দীর্ঘদিনের ক্ষমতার কাঠামো অক্ষুণ্ন রাখার উদ্দেশ্যে এসব সংস্কার উদ্যোগকে ইচ্ছাকৃতভাবে দুর্বল করা কিংবা বিলম্বিত করার চেষ্টা চলছে।
রাজনৈতিক আলোচনাগুলো থেকে উঠে আসা অন্যতম প্রধান অভিযোগ হলো, রাষ্ট্রযন্ত্রের কিছু অংশ এখনো পুরোনো ব্যবস্থাকে টিকিয়ে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী, কার্যকর ও অর্থবহ সংস্কার বাস্তবায়িত হলে পূর্ববর্তী স্বৈরাচারী ব্যবস্থার সুবিধাভোগী গোষ্ঠীগুলোর স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। অতীতের নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী ব্যক্তিদের দায়মুক্তি বজায় রাখাও সংস্কারবিরোধী অবস্থানের একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে উঠছে বলে উদ্বেগ বাড়ছে। সমালোচকদের আশঙ্কা, প্রকৃত প্রাতিষ্ঠানিক পরিবর্তন ছাড়া শুধু সাংবিধানিক কাঠামো বজায় রাখা হলে সেই একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটবে, যা একসময় দমন-পীড়নের পথ তৈরি করেছিল।
এ বাস্তবতায়, রাজনৈতিক অঙ্গনে ক্রমেই বেশি আলোচিত একটি বিষয় হলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে নেপথ্যের কুশিলবদের কথিত ভূমিকা। অনেকের ধারনা, অনেকক্ষেত্রেই রাজনৈতিক নেতৃত্ব হয়তো বড় নীতিগত সিদ্ধান্তগুলোর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রয়োগ করতে পারছে না। কারো কারো মতে, স্বরাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী বাকি সবার তুলনায় বেশি ক্ষমতাবান হিসেবে আবির্ভূত হচ্ছেন। শক্তিশালী আমলাতান্ত্রিক ও নিরাপত্তা কাঠামোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণেই তার এই একচ্ছত্র আধিপত্য বলেও অনেকে মনে করছেন। তাই বিশ্লেষকদের ধারনা, স্বাভাবিক গণতান্ত্রিক জবাবদিহিতা কাঠামোর বাইরে অবস্থানকারী কিছু শক্তির চাপের কারণে সংস্কার প্রস্তাবগুলো হয় আটকে দেওয়া হচ্ছে, নয়তো দুর্বল করে ফেলা হচ্ছে। এসব আশঙ্কা আরও জোরালো করেছে যে, বাংলাদেশ হয়তো এমন একটি ব্যবস্থার দিকে এগোচ্ছে যেখানে নির্বাচিত প্রতিষ্ঠানগুলো আনুষ্ঠানিকভাবে বিদ্যমান থাকবে, কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এখনো অনির্বাচিত ক্ষমতাকেন্দ্রগুলোর প্রভাবাধীন থাকবে। যদি এ আশঙ্কাগুলো সত্য হয়ে থাকে, তবে তা বাংলাদেশের গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকীকরণের পথে একটি বড় বাধা হিসেবে বিবেচিত হবে।
এর বাইরে বর্তমানে যে গুরুতর উদ্বেগগুলো সামনে আসছে, তার অন্যতম হলো বিচার বিভাগের স্বাধীনতা। সমালোচকদের মতে, বাংলাদেশের বিচার বিভাগ এখনো কাঠামোগতভাবে নির্বাহী বিভাগের ওপর নির্ভরশীল, কারণ এর জন্য এখনো একটি স্বাধীন প্রশাসনিক সচিবালয় প্রতিষ্ঠিত হয়নি। এ ধরনের প্রাতিষ্ঠানিক পৃথকীকরণ না থাকায় আশঙ্কা রয়ে গেছে যে, বিচার বিভাগের স্বাধীনতা কেবল তাত্ত্বিক পর্যায়েই সীমাবদ্ধ থাকবে, বাস্তবে নয়। এক্ষেত্রে কয়েকটি বড় সমস্যা তুলে ধরা হয়েছে। যেমন: বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির পূর্ন কর্তৃত্ব নেই। বিচার বিভাগের বাজেট বরাদ্দের ওপরও প্রধান বিচারপতির পূর্ণ নিয়ন্ত্রণ নেই। প্রশাসনিক স্বাধীনতাও এখনো প্রতিষ্ঠিত হয়নি।
দুর্বলতাগুলো থেকে আশঙ্কা তৈরি হয়েছে যে, বিচার বিভাগীয় প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক চাপের প্রতি ঝুঁকিপূর্ণ অবস্থায় থেকেই যাবে। নিকট ভবিষ্যতে সংসদ এবং বিচার বিভাগের মধ্যে সম্ভাব্য সাংবিধানিক সংঘাত নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। কারণ এরই মধ্যে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে যে, বিচার বিভাগের জন্য পৃথক একটি সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। অথচ সংসদের বিগত অধিবেশনে সেই রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। এমতাবস্থায় আইন বিশ্লেষকদের আশঙ্কা, এই প্রাতিষ্ঠানিক অস্পষ্টতাগুলো যদি সমাধান না হয়, তাহলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে।
অন্তর্বর্তী সরকার রাজনৈতিক প্রভাব কমানোর উদ্দেশ্যে বিচারক নিয়োগের একটি নতুন পদ্ধতি চালু করেছিল। সেই কাঠামোর অধীনে ইতোমধ্যে ২৫ জন বিচারক নিয়োগ পেয়েছেন। তবে এখন ওই নিয়োগগুলোর ভবিষ্যৎ আইনি অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভবিষ্যতে সরকার এসব নিয়োগ বাতিল করার চেষ্টা করতে পারে কি না, অথবা পুরো প্রক্রিয়াটির বৈধতা চ্যালেঞ্জ করা হতে পারে কি না-তা নিয়ে প্রশ্ন উঠছে। এ ধরনের অনিশ্চয়তা এমন এক সময়ে বিচার ব্যবস্থার ভেতরে অস্থিরতা সৃষ্টি করছে, যখন প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতাই ইতোমধ্যে চাপের মুখে রয়েছে।
সংস্কার প্রত্যাশীরা আরও উদ্বেগ প্রকাশ করেছেন যে, নিম্ন আদালতের ওপর নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে। নিম্ন আদালতের কর্মকর্তাদের নিয়োগ, বদলি এবং ছুটি ব্যবস্থাপনার ক্ষমতা আবারও আইন মন্ত্রণালয়ের হাতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের পদক্ষেপ বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রমে নির্বাহী বিভাগের প্রভাব উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে। জুলাই অভ্যুত্থানের পর স্বাধীন প্রতিষ্ঠান গড়ে তোলার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকারের বর্তমান গতিবিধি এর পুরোপুরি বিপরীত বলেই তারা ধারণা করছেন।
রাজনৈতিক নেতৃত্ব কেন এমন সংস্কারের বিরোধিতা করতে পারে-এর সুনির্দিষ্ট কারণ বলা কঠিন। তবে অনেকের ধারণা, বেসামরিক এবং সামরিক আমলাতন্ত্রের একটি অংশ কাঠামোগত পরিবর্তনের পক্ষে নয়। এ অভিযোগ রাজনৈতিক আলোচনায় ক্রমেই বেশি উচ্চারিত হচ্ছে। অনেক সংস্কারপন্থী এখন মনে করেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত আমলাতান্ত্রিক স্বার্থগোষ্ঠীগুলো আশঙ্কা করছে যে, বড়ো কোনো সংস্কার হলে তাদের দীর্ঘদিনের প্রভাব ক্ষুন্ন হতে পারে। এই ধারণা আরও বড়ো প্রশ্ন সামনে এনেছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এখনো কি এমন কিছু শক্তির কাছে সীমাবদ্ধ, যাদের অবস্থান নির্বাচনী জবাবদিহিতার আওতার বাইরে?
কেন কাক্সিক্ষত সংস্কার হলো না- এর নেপথ্য কারণ নিয়ে যতই অনুমান বা আশঙ্কা থাকুক, যদি এ প্রতিবন্ধকতাগুলো দূর করা না যায়; তাহলে বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সংস্কারের পথ যে অনেকটাই রুদ্ধ হয়ে যাবে তাতে কোনো সংশয় নেই।