তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১২ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের ওপর নিপীড়ন বা সহিংসতা বরদাশত করা হবে না।

বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তার প্রসঙ্গ তুলে তিনি সতর্ক করে বলেন, মুসলিমদের ওপর হামলা বা নির্যাতনের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, সে যে ধর্মেরই হোক না কেন।

মুখ্যমন্ত্রী জানান, অপরাধীর পরিচয় নয়, অপরাধই সরকারের কাছে মুখ্য বিষয়। সামাজিক শান্তি বজায় রাখা, নাগরিক অধিকার সুরক্ষা এবং আইনের শাসন নিশ্চিত করাই তার সরকারের প্রধান অগ্রাধিকার।

গত রোববার ৫১ বছর বয়সী অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তার নেতৃত্বাধীন তামিলগা ভেট্ট্রি কাজাগম (টিভিকে) জোট এবারের নির্বাচনে ডিএমকে ও এআইএডিএমকের দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব ভেঙে বড় জয় অর্জন করে।

বিজয়ের জোট সরকারে কংগ্রেস, বামপন্থী দল ও মুসলিম লিগও রয়েছে। ক্ষমতায় এসেই তিনি সামাজিক সংস্কারের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নেন। এর মধ্যে অন্যতম হলো রাজ্যের ৪ হাজার ৭৬৫টি সরকারি মদের দোকানের মধ্যে ৭১৭টি বন্ধের নির্দেশ।

সরকারি তথ্যমতে, এসব দোকান উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের কাছাকাছি অবস্থিত হওয়ায় জনস্বার্থ বিবেচনায় সেগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাসম্যাক পরিচালিত এসব মদের দোকান বন্ধের উদ্যোগ ইতোমধ্যে রাজ্যজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মদের দোকান বন্ধের সিদ্ধান্তে রাজস্ব ঘাটতির আশঙ্কা থাকলেও বিজয় তার জনকল্যাণমূলক অবস্থানে অনড় রয়েছেন। ইতোমধ্যে তার সরকার বিনামূল্যে বিদ্যুৎ প্রদান, বিশেষ নারী নিরাপত্তা বাহিনী গঠন এবং মাদকবিরোধী ইউনিট তৈরির মতো একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতা গ্রহণের পর বিজয়ের এই সাহসী নীতি ও কঠোর অবস্থান তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন ধারার সূচনা করতে যাচ্ছে।