ইরান যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম প্রতি গ্যালন ৪ ডলারে উন্নীত হলেও এর জন্য ক্ষমা চাইবেন না বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানে সামরিক পদক্ষেপ ও নৌশক্তি প্রয়োগ করে তিনি সম্পূর্ণ সঠিক ও বিশ্ববাসীর জন্য একটি দুর্দান্ত কাজই করেছেন।

শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে এক অনুষ্ঠানে সাধারণ মানুষের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আপনারা তেলের জন্য একটু বেশি টাকা দিচ্ছেন। কিন্তু মনে রাখবেন, এটা করছেন যাতে একটা খুব খারাপ দেশ পারমাণবিক অস্ত্র হাতে না পায়। ইরান হচ্ছে সারা বিশ্বে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় মদদদাতা।

তেলের দাম বাড়ায় সাধারণ মানুষের যে ক্ষতি হচ্ছে, সেটাকে তিনি খুব বড় করে দেখছেন না। ট্রাম্প দাবি করেন, ইরানে হামলা করে তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। তিনি বলেন, এখন আপনাদের গ্যালনপ্রতি চার ডলার খরচ করতে হচ্ছে, যা ঠিক আছে। আমি সঠিক কাজ করেছি। এর জন্য আমি কখনো ক্ষমা চাইব না।

এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছিলেন, তেলের দাম কম রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখা। এ দুটোই প্রেসিডেন্টের কাছে সমান গুরুত্বপূর্ণ।

বর্তমানে যুক্তরাষ্ট্রে এক গ্যালন জ্বালানি তেলের গড় দাম চার ডলার ছাড়িয়েছে। এক বছর আগেও তা তিন ডলারের কাছাকাছি ছিল।

ট্রাম্প যতই এই মূল্যবৃদ্ধিকে সামান্য বলুন না কেন, সাধারণ আমেরিকানরা তাতে একমত নন। সিএনএন এর এক জরিপে দেখা গেছে, ৭৪ শতাংশ আমেরিকান মনে করেন, এই যুদ্ধের পেছনে মানুষের জীবন ও অর্থের যে বিপুল ক্ষতি হয়েছে, তার কোনো সার্থকতা নেই।