ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে পশ্চিমবঙ্গের সাতটি বিভাগের ১৪২টি আসনে ৩ কোটি ২১ লাখ ভোটারের ভোট দেয়ার কথা।

ভোটগ্রহণের সর্বশেষ পরিস্থিতি দেখতে ভবানিপুরের একটি বুথে গিয়েছিলেন বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান শুভেন্দু অধিকারী। সেখানে তাকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা মারধরের চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন শুভেন্দু। টাইমস অব ইন্ডিয়া, এএনআই।

ওই সময় শুভেন্দু পাল্টা ‘জয় শ্রীরাম’ এবং ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ স্লোগান দেন। এরপর নিরাপত্তাবাহিনীর সদস্যদের সহায়তায় গাড়ি দিয়ে সেখান থেকে চলে যান তিনি।

এছাড়া যারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন তাদের বাংলাদেশি মুসলিম হিসেবেও অভিহিত করেছেন তিনি। শুভেন্দু বলেন, “তারা বাংলাদেশী মুসলিম তারা ভীত। মমতা (নির্বাচনে হেরে) নিশ্চিহ্ন হয়ে যাবেন।”

পরবর্তীতে সাংবাদিকদের শুভেন্দু বলেন, আমি বুথে ভোট পর্যবেক্ষণে যাওয়ার পর তৃণমূলের সমর্থকরা আমাকে ঘিরে ঘরে ও মারার চেষ্টা করে।

তিনি আরও বলেন, বুথে যারা ছিল তারা ভোটার নয়, বাইরের লোক।

পরিস্থিতি উত্তপ্ত হওয়া শুরু করলে পুলিশ সেখানে লাঠিচার্জ করে উপস্থিতদের ছত্রভঙ্গ করে দেয়।

গত ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম ধাপের নির্বাচন হয়। গতকাল ছিল দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ। তবে ভোট শেষে গতকালই ফলাফল জানা যাবে না। এজন্য অপেক্ষা করতে আরও কয়েকদিন। ভারতের নির্বাচন কমিশন আগামী ৪ মে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে।

বর্তমানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে। তারা টানা তিনবার সেখানে সরকার গঠন করেছে। এবার বিজেপি সেই ধারা ভেঙে ক্ষমতায় যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে।