পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়'র ভোট লুটের অভিযোগে একমত পোষণ করেছেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

তার অভিযোগ, নির্বাচন কমিশনের মদতেই বাংলা ও আসামে ‘ভোট চুরি’ করেছে বিজেপি।

এর আগে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, পশ্চিমবঙ্গে ১০০টিরও বেশি আসনে ‘ভোট লুট’ হয়েছে। তার অভিযোগ, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, এমনকি কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতৃত্বের যোগসাজশে এই ঘটনা ঘটেছে।

সামাজিক মাধ্যমেও একই সুর শোনা গেছে রাহুল গান্ধীর কণ্ঠে। তিনি লিখেছেন, ‘বাংলা ও আসামের নির্বাচন ভোট চুরির স্পষ্ট উদাহরণ। আমরা মমতাজির সঙ্গে একমত।’ পাশাপাশি তিনি দাবি করেন, মধ্যপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও একই কৌশল প্রয়োগ করা হয়েছিল।

ফল ঘোষণার দিন ভবানীপুর কেন্দ্র থেকে বেরিয়ে ফলাফলকে ‘অনৈতিক’ বলে আখ্যা দেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঘুরে দাঁড়ানোর বার্তা দেন দলীয় কর্মীদের। পরবর্তীতে তিনি ও তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন-এর সঙ্গে পৃথকভাবে ফোনে কথা বলেন রাহুল গান্ধী।

সূত্র জানায়, ওই কথোপকথনে সাম্প্রদায়িক রাজনীতি এবং নির্বাচনের সময় কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের বিরুদ্ধে বিরোধীদের ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন রাহুল গান্ধী। একইসঙ্গে গণতান্ত্রিক ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষায় একজোট থাকার বার্তাও দেন কংগ্রেস নেতা।