সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরা শিল্প এলাকার তেল স্থাপনায় হামলা ইরান থেকে হয়নি বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী।
ইরানের সামরিক সংশ্লিষ্ট ব্যক্তিরা স্পষ্ট করে বলেছেন, এসব হামলা ইরানের ভূখণ্ড থেকে পরিচালিত হয়নি এবং ইরান থেকে লক্ষ্যবস্তু করেও করা হয়নি।
ইরানের সিনিয়র সামরিক কর্মকর্তাদের উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সংশ্লিষ্ট সূত্র থেকে প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে হামলার কোনো পরিকল্পনা ইরানের নেই।
এদিকে সোমবার (০৪ মে) বিকেলে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশজুড়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জবাবে ইরান পাল্টা হামলা শুরুর পর সবচেয়ে বেশি লক্ষ্যবস্তুতে পরিণত হয় আরব আমিরাত।
অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত দেশটিতে ২৮০০-এর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটে।
এর আগেও পাশ্ববর্তী দেশগুলোর বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ নাকচ করেছিল ইরান। দেশটির সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক খারাপ করতে অন্য কেউ এ ধরনের হামলা চালাতে পারে বলেও অভিযোগ করেছিল ইরান।
সূত্র: আল-জাজিরা