রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিয়েছে। সর্বশেষ পাল্টাপাল্টি হামলায় দুই দেশ মিলিয়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। একই সময়ে পূর্ব ইউক্রেনের আরও দুটি বসতি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া।

সোমবার দুই দেশের স্থানীয় প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, পৃথক হামলায় রাশিয়া ও ইউক্রেনে ১১ জন করে মোট ২২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।

রাশিয়ার দক্ষিণাঞ্চলের ক্রাসনোদার অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে। অঞ্চলটির গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ জানান, গেলেনঝিকের কাছে অবস্থিত পর্যটনকেন্দ্র আরখিপো-ওসিপোভকায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪০ জন।

এদিকে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়ায় পৃথক হামলায় আরও চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে হামলায় চার বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ১৭ জন আহত হওয়ার তথ্য দিয়েছে আঞ্চলিক কর্তৃপক্ষ।

অন্যদিকে ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ জেলায় একটি পেট্রোলপাম্পে রুশ হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন জরুরি সেবাকর্মী ও তাঁর আট বছর বয়সী সন্তান রয়েছেন। হামলার পর সেখানে আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশের কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়া রাতভর চালানো আরেক দফা হামলায় জাপোরিঝঝিয়া অঞ্চলে আরও আটজন নিহত হয়েছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে।

এদিকে যুদ্ধক্ষেত্রেও নিজেদের অগ্রগতির দাবি করেছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব ইউক্রেনের আরও দুটি বসতির নিয়ন্ত্রণ নিয়েছে তাদের বাহিনী। তবে এ দাবির বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।